শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: প্রয়াত ব্রিটিশ প্রিন্সেস ডায়ানা মারা গিয়েও বার বার সংবাদের শিরোনাম হচ্ছেন। এবার সামাজিক যোগাযোগমাধ্যম নেটফ্লিক্সের অফিসিয়াল অ্যাকাউন্টে দেয়া একটি ডকুমেন্টারি ও ভিডিওকে ঘিরে আবারও আলোচনায় তিনি। খবর দ্য সান ও মেট্রোর।
তিনি কেন রাজপরিবার ছেড়ে যেতে চেয়েছিলেন, মৃত্যুর ২৩ বছর পর তা ওই ভিডিওতে উল্লেখ করেছেন ডায়ানা। ডায়ানার ওই ভিডিও নিয়ে হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়। ব্রিটেনের রাজপরিবারের বিরুদ্ধে অনেকেই ক্ষোভ ঝাড়ছেন। যার থেকে রেহাই পাননি রানি দ্বিতীয় এলিজাবেথ, যুবরাজ চার্লস ও তার স্ত্রী ক্যামিলা পার্কারও। এতে গভীর ক্ষোভ প্রকাশ করেছে রাজপরিবার।
সোশ্যাল মিডিয়ায় এই ডকুমেন্টারি আর ভিডিও ছড়িয়ে পড়তেই রাজপরিবারের বিরুদ্ধে বিষোদগার শুরু হয়ে যায় নেটিজেনদের। এ ঘটনায় বেশ চটেছে রাজপরিবার। বিষয়টি নিয়ে রাজপরিবারের অসন্তোষের কথা হাউস অব লর্ডসে তুলবেন বলে প্রধানমন্ত্রী বরিস জনসনকেও বলবেন বলে জানিয়েছেন ওই পরিবারের এক সদস্য।
সোশ্যাল মিডিয়ায় নেটফ্লিক্সের অফিসিয়াল অ্যাকাউন্টে দেয়া ওই ডকুমেন্টারি ও ভিডিওতে তুলে ধরা হয়েছে যুবরাজ চার্লসের সঙ্গে ডায়ানার ভেঙে যাওয়া দাম্পত্য, যুবরাজ চার্লসের সঙ্গে ‘ডাচেস অফ কর্নওয়াল’ ক্যামিলার প্রণয়, ডায়ানা সম্পর্কে রাজপরিবারের মনোভাবের মতো বহু বিতর্কিত বিষয়। কোনো রাখঢাক না রেখেই তা প্রচার করা হয়েছে।
এতে ডায়ানাকে বলতে শোনা গেছে, একটি পার্সেল খুলে দেখি তার মধ্যে রয়েছে একটা ব্রেসলেট। শুনেছি চার্লস সেটা উপহার হিসাবে পাঠাচ্ছিলেন তার প্রেমিকা ক্যামিলা পার্কার বোলসকে। সেটি দেখেই আমি পুরোপুরি ভেঙে পড়ি।