শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: প্রাণঘাতী করোনার প্রভাবে ধ্বংসের পথে ব্রিটেনের অর্থনীতি। করোনা মহামারীর পর থেকে দেশটিতে এ পর্যন্ত বেকার হয়েছে ৮ লাখ ১৯ হাজার মানুষ।
বেকারত্বের এই চিত্র থেকে বোঝা যায় করোনা মহামারি কতটা সংকটে ফেলেছে ব্রিটিশ অর্থনীতিকে। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসে ৩ লাখ ৭০ হাজার মানুষ বেকার হয়েছেন।
ব্রিটেনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতের নাম হচ্ছে পর্যটন খাত। অর্থনীতির এই করুণ দশায় নভেম্বর মাসে ব্রিটিশ চ্যান্সেলর সতর্ক করে বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে দেশে বেকারত্বের সংখ্যা ২৬ লাখে পৌঁছাতে পারে।
এ অবস্থায় ব্রিটিশ সরকার বলছে, করোনাভাইরাসকে পরাজিত করা জরুরি হয়ে পড়েছে। সরকার দেশের জনগণকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য উঠেপড়ে লেগেছে। তবে করোনার প্রাদুর্ভাব থেকে ব্রিটেনকে মুক্ত হতে এখনো অনেক সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।