শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে বড়দিন সামনে রেখে শপিং সেন্টারে মানুষের ঢল, টানা কয়েক দিনের বৃষ্টির কারণে বাড়া জ্বরের প্রকোপ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইংল্যান্ডের মোট জনসংখ্যার ৭০ শতাংশই এখন কঠোর বিধিনিষেধের অধীনে রয়েছে। তবে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশজুড়ে তৃতীয় দফা লকডাউন আরোপ এড়ানোর আশা এখনও হারাচ্ছে না তার সরকার।
করোনার রোগীর ভীড়ে ব্রিটেনের বহু হাসপাতালের প্রায় সব শয্যাই ইতোমধ্যেই পূর্ণ হয়ে গেছে। চিকিৎসা সেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছে বহু হাসপাতাল। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা।
তবে প্রধানমন্ত্রী অবশ্য বলেছেন, দেশজুড়ে আরেক দফা লকডাউন এড়ানোর চেষ্টা করছেন তারা। এমন প্রেক্ষাপটে বড়দিনের আয়োজন সংক্ষিপ্ত ও সীমিত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সবাইকে ধৈর্য্য ধারনের আহ্বান জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, বক্সিং ডে’র ভিড় এড়িয়ে চলতে হবে আর নববর্ষের সময় বড় জমায়েত করা যাবে না।
উল্লেখ্য, ব্রিটেনে গত শুক্রবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৮৯ জন।