শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি পার্লামেন্টে অনুমোদনের মাধ্যমে আইনে পরিণত হওয়ার পর তা কার্যকর হতে যাচ্ছে।
দ্য ইইউ (ভবিষ্যত সম্পর্ক) বিল এর মাধ্যমে চুক্তিটি যুক্তরাজ্যের আইনে পরিণত হয়েছে। হাউজ অব কমন্সে ৫২১-৭৩ ভোটে বিলটি অনুমোদন পায়। পরে হাউজ অব লর্ডসে অনুমোদিত হওয়ার পর ব্রিটিশ রানির সম্মতির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ২৩টায় এই চুক্তি কার্যকর হওয়া শুরু হবে। এর আগে বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে দ্রুত গতিতে অনুমোদন পায় চুক্তিটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই চুক্তির মধ্য দিয়ে যুক্তরাজ্য যেমন নিজের মতো করে বেড়ে উঠতে পারবে তেমনি আবার একই সঙ্গে উন্মুক্ত বাণিজ্যও করতে পারবে।
কয়েক মাসের বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে বড়দিনের আগের সন্ধ্যায় একমত হয় যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন দাবি করেন, চুক্তিটি পুরো ইউরোপের জন্যই মঙ্গলজনক।
ব্রিটিশ পার্লামেন্টে চুক্তিটি অনুমোদন পাওয়ার পর এমপিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এই মহান দেশের গন্তব্য এখন জোরালোভাবেই আমাদের হাতে রয়েছে। তবে বিরোধীরা বলছেন, ইউরোপে থাকার সময় চেয়ে এখনই দেশের অবস্থা বেশি খারাপ হবে।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকর হলেও এতোদিন পর্যন্ত ব্রাসেলসের বাণিজ্যিক নিয়ম মেনে চলে এসেছে যুক্তরাজ্য। সময়সীমা শেষ হওয়ার আগে উভয় পক্ষ নতুন এই চুক্তিতে পৌঁছায়। এর মধ্যে নতুন বাণিজ্য, নিরাপত্তা সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে।