শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন আবেদন করেছেন ফরাসি নাগরিকত্বের জন্য। একটি সাক্ষাৎকারে তিনি এই কথা দাবির কথা জানান।
তার দাবি মতে, আসলে তিনি একজন ইউরোপীয় নাগরিক। তাঁর মা জন্ম নিয়েছিলেন ফ্রান্সে। মায়ের মা, অর্থাৎ দিদা পুরোপরি একজন ফরাসি মহিলা ছিলেন বলে তিনি দাবি করেছেন। তাই এখন তিনি ফরাসি নাগরিকত্ব ফিরে পেতে বিশেষ ভাবে আগ্রহী।
তিনি বলেছেন, ‘আমি একজন সম্পূর্ণ ইউরোপীয় নাগরিক। একজন ব্রিটিশকে কেউ বলতেই পারেন না, যে তিনি ইউরোপের বাসিন্দা নন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সঠিক সংযোগ রাখা জরুরি বলে মনে করি। তিনি এই পুরো সাক্ষাৎকারই দিচ্ছিলেন ফরাসি ভাষায়।
যদিও কিছুটা পিছু হঠে বরিস জনসন বুধবারই ঘোষণা করেছেন, ব্রিটেনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সমস্ত সম্পর্ক শেষ, এমন ভাবাটা ভুল হবে। ইউরোপীয় সভ্যতার সঙ্গে ব্রিটেনের এক দীর্ঘ যোগ রয়েছে।
উল্লেখ্য, একদিকে যখন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে তাঁর ছেলের নেতৃত্বে থাকা ব্রিটেন বেরিয়ে আসছে, তখন বাবা অন্য কথা বলছেন। সেই নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।