শীর্ষবিন্দু নিউজ, সিলেট: নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পেয়েছে ব্যতিক্রমী নান্দনিক রূপ। স্বস্তিদায়ক এমন পরিবেশ তৈরি করে দেয়াতে প্রশংসায় ভাসছে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও সিলেট মহানগর পুলিশ। তবে ভিন্ন কথা বলছেন সাধারণ জনগণ।
সোমবার ও মঙ্গলবার এ দুই পয়েন্টে সিসিক নির্ধারিত পরিচ্ছন্নতা কর্মীরা রিকশা থামিয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। সিলেট নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কে লেগুনা, রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি চলাচল বন্ধ করেছে সিটি করপোরেশন।
গত সোমবার (৪ জানুয়ারি) থেকে জিন্দাবাজারমুখি রিকশাকে পূর্বদিকে বারুতখানা পয়েন্টে এবং পশ্চিমদিকে জল্লারপার পয়েন্টে থামিয়ে দিয়ে নামিয়ে দেয়া হচ্ছে যাত্রীদের। এর ফলে চরম ভোগান্তিতে পড়ছেন জিন্দাবাজারমুখি লোকজন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ মানুষকে পড়তে হচ্ছে চরম বেকায়দায়। অনেকের জন্যই প্রায় আধা কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে জিন্দাবাজর পৌঁছানো কষ্টকর হয়ে পড়ে।
দুইজন মহিলা নারী যাত্রী অভিযোগ করে বলেন, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে এই মাঝরাস্তায় রিকশা থামিয়ে যাত্রী নামিয়ে দেয়ার মানেটা কী? এই রাস্তায় তো রিকশা বন্ধ করা হয়নি। এটা কী অন্যায় নয়? তবে এ বিষয়ে গত দুদিন থেকে সিসিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, জিন্দাবাজার-বন্দরবাজার থেকে চৌহাট্টা মোড় পর্যন্ত সড়কটি একমুখী (ওয়ানওয়ে) যান চলাচল থাকলেও সম্প্রতি সড়ক বিভাজক স্থাপন করে দ্বিমুখী যান চলাচলের ব্যবস্থা করে সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের কাজ এখনো চলছে। জিন্দাবাজার-বন্দরবাজার সড়ক এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা আছে।
এছাড়া নগরের প্রধান প্রধান বিপণিবিতানগুলোও জিন্দাবাজারসহ আশপাশের এলাকায় অবস্থিত। পুরো এলাকার বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এসব উন্নয়ন কার্যক্রম শেষে পুরো এলাকাকে নগরীর একটি আদর্শ এলাকায় রূপান্তর করার পরিকল্পনায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, সিলেট নগরীর বন্দরবাজার-জিন্দাবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা চলাচলের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সাধারণ মানুষের ভোগান্তি ও ব্যবসায়ীদের স্বার্থে সিসিকের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর বিভিন্ন মার্কেটে রিকশা চলাচলের দাবিতে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতি গণসাক্ষর কর্মসূচি শুরু করেন।
সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির সদস্য সচিব কিবরিয়া হোসেন নিঝুম জানান, মানুষকে ভোগান্তিতে ফেলে সিসিক রিকশা চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছে তা দ্রুত প্রত্যাহার করতে হবে। এই সিদ্ধান্তের কোন মানে নেই। পরিকল্পনার অভাবের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে সিসিক। আমরা ব্যবসায়ীরা ইতোমধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে গণসাক্ষর কমসূচি শুরু করেছি।
উল্লেখ্য, সিলেট নগরীর কেন্দ্রস্থলের জিন্দাবাজার-বন্দরবাজার-চৌহাট্টা এলাকায় রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল আগামী ১ জানুয়ারি থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয় সিসিক। যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় এ সিদ্ধান্ত মেনে চলতে গত বছরের ডিসেম্বর মাস থেকে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মাইকিং করে প্রচার চালায়। এরপর এ বছরের ২ জানুয়ারি থেকে অভিযানে নামে সিসিক। ইতোমদ্যে ওইসব এলাকাকে রিকশা মুক্ত করা হয়।