ব্রিটিশ রিয়েল হিরো বলে খ্যাত ১০০ বছর বয়সী স্যার টম মুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল রোববার স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ খবরে পিড়িত করেছে ব্রিটিশ জনগণকে।
স্যার টম মুর গত কয়েক সপ্তাহ ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। হঠাৎ করে করোনা পজিটিভ শনাক্ত হন। তার পরিবার বলছে, রবিবার শ্বাস কষ্ট বাড়ার সাথে সাথে বেডফোর্ড হাসপাতালে নেয়া হয়। তিনি নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছিলেন বলে করোনা ভাইরাস টিকা নেয়া হয়নি।
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ক্যাপ্টেন স্যার টম মুরের কাছে সারাদেশের সেলিব্রিটি, রাজনীতিবিদ, এনএইচএস স্টাফসহ বৃটেনের বিভিন্ন স্তরের মানুষ শুভেচ্ছা পাঠিয়েছেন। বরিস জনসন গতকাল সন্ধ্যায় এই রোগ নির্ণয়ের খবরটি ছড়িয়ে পড়ার পর প্রার্থনার পাশাপাশি তার যুদ্ধের অভিজ্ঞতার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, আমার অন্তরাত্মা জড়িয়ে আছে ক্যাপ্টেন টম মুর ও তার পরিবারের সাথে। আপনি পুরো জাতিকে অনুপ্রাণিত করেছেন। আমি ও আমরা সবাই আপনার সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।
বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কায়ার স্টার মার লিখেছেন, পুরো জাতি আশা করছে আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আপনি এই সঙ্কট কালে আমাদের সকলের জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন।
বৃটেনের বেডফোর্ড শায়ারের গ্রাম মার্সটন মোরেটেইনে থাকেন টম। মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এই বয়সে হেঁটে হেঁটে তহবিল সংগ্রহের কথা ভাবেন। যখন হাটতে শুরু করেন তখন জনমনে ব্যাপক সাড়া পড়ে যায়। তিনি ফান্ডরাইজিংয়ের অনন্য রেকর্ড সৃষ্টি করেন এবং জাতীয় হীরো হিসেবে পরিগণিত হন। গত ৩০ এপ্রিল তার জন্মদিনের আগে আড়াই কিলোমিটার হেঁটে স্বাস্থ্যকর্মীদের জন্য সোয়া তিন কোটি পাউন্ড অর্থ সংগ্রহ করে স্যার টম মুর দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রেরণা সঞ্চার করেছিলেন। ক্যাপ্টেন টম মুরের এই অনন্য অবদানের জন্য বৃটেনের রানী তাকে ‘নাইট’ উপাধি দান করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন, এনএইচএস দাতব্য প্রতিষ্ঠানের জন্য সোয়া ৩ কোটি পাউন্ডের বেশি অর্থ সংগ্রহকারী ১০০ বছর বয়সী স্যার টম মুর কোভিডে আক্রান্ত হয়ে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন। এ খবর জানার সাথে সাথে বৃটিশ প্রধারমন্ত্রী বরিস জনসন, সেনাবাহিনী, এনএইচএস কর্মী সহ অসংখ্য মানুষের প্রার্থনা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।