শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: তুরস্কের সংক্রামক ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞ আঙ্কারা ইউনিভার্সিটির ড. ইসমাইল বালিক বলেছেন, করোনা ভাইরাস সুস্পষ্টত পরিবর্তনশীল। ফলে ভবিষ্যতে আরো নতুন নতুন স্ট্রেইনের উদ্ভব হতে পারে।
সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছেন, করোনা ভাইরাসের বিস্তারে মিউটেশন বা রূপান্তর হচ্ছে ক্রমবর্ধমান ঝুঁকি। বর্তমানে এর যে চেহারা দেখা যাচ্ছে, তাতে দিনকে দিন তা নতুন নতুন রূপে আবির্ভূত হচ্ছে। কোনো একটি স্থানে এই ভাইরাস যত বেশি ছড়াবে সেখানে ব্যতিক্রমী রূপান্তর হওয়ার উচ্চ সম্ভাবনা আছে। এমনকি তুরস্কে নতুন ধরনের রূপান্তর ঘটতে পারে। যদি সেটা হয় তাহলে সে অনুযায়ী গবেষণা করতে হবে।
তিনি বলেন, প্রথমে এই ভাইরাসের স্ট্রেইন বৃটেনে শনাক্ত হয় বি.১.১.৭ হিসেবে। তৃতীয় পর্যায়ে বিশ্বে, বিশেষ করে ইউরোপে যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে তার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এটা। তিনি আরো বলেন, বর্তমানে যে মহামারি চলছে তা এই ভ্যারিয়েন্টের কারণে।
তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক তথ্য উল্লেখ করে বালিক বলেন, তুরস্কে বর্তমানে যত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন তার মধ্যে শতকরা ৭০ ভাগই আক্রান্ত হচ্ছে বৃটিশ ভ্যারিয়েন্টে। এই ভাইরাস শতকরা ৪০ থেকে ৭০ ভাগ বেশি সংক্রামক। তবে মূল করোনা ভাইরাসের মতো বা তার চেয়ে বেশি প্রাণঘাতী নয় এই ভ্যারিয়েন্ট।
Leave a Reply