রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১০

আগুন বিস্ফোরণ সংঘর্ষের মধ্যে শেষ দিনের হরতাল ঢিলেঢালা

আগুন বিস্ফোরণ সংঘর্ষের মধ্যে শেষ দিনের হরতাল ঢিলেঢালা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে সারা দেশে আজ বুধবার বিক্ষিপ্ত নানা সহিংসতার মধ্য দিয়ে চলছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল। টঙ্গী ও নারায়ণগঞ্জে রেলপথে হামলা চালায় হরতালকারীরা। এ ছাড়া বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিনে আজ বুধবার রাজধানীতে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন লাগানোর ও কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আজ রাজধানীর চিত্র অনেকটাই যেকোনো কর্মদিবসের মতো। রাস্তাঘাটে যানবাহন ও মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। স্কুলগুলোতে শিক্ষার্থী না থাকলেও অফিস আদালত চলছে স্বাভাবিক নিয়মেই। তবে বেশির ভাগ দোকানপাট এখনো বন্ধ রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক রণজিত্ সরকার প্রথম আলো ডটকমকে জানান, অটোরিকশাটির সামনে সংবাদপত্রের ব্যানার লাগানো ছিল। গোপন তথ্য থাকায় তাঁরা অটোরিকশাটির পিছু নেন। সকাল পৌনে ছয়টার দিকে সেটি তেজগাঁও চ্যানেল-২৪ এর গলিতে থামে। এরপর এটি থেকে দুজন বের হয়ে একজন পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পুলিশ তাঁদের ধরতে গেলে একজন পালিয়ে যান। তবে চালক আক্তার হোসেনকে আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে আসা হয়েছে। অটোরিকশার তেমন কোনো ক্ষতি হয়নি।

পুলিশের দাবি, চালক নিজেই এই অটোরিকশায় আগুন দেন। দুপুর ১২টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, বিএনপি কার্যালয়ের পাশে অবস্থিত হোটেল মিডওয়ের ভবন থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে। এ ব্যাপারে মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান জানান, হোটেল মিডওয়ের মালিকসহ ১১ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় আনা হয়েছে। অন্যদিকে সকাল সাড়ে সাতটার দিকে কারওয়ান বাজারে পেট্রোবাংলা অফিসের গলিতে চারটি ককটেল ও পৌনে সাতটায় তিব্বতের গলিতে দুটি ককটেলের বিস্ফোরণ হয় বলে জানায় পুলিশ।

টঙ্গী: টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকাল সাতটার দিকে হরতালকারীরা টঙ্গীবাজার এলাকায় তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। পরে পুলিশ একজনকে আটক করে। তার কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়। টঙ্গী রেলজংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন তুলে ফেলে হরতালকারীরা। এতে ওই পথ দিয়ে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সকাল সাতটার দিকে উপজেলার আধুরিয়া এলাকায় হরতাল সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালায়। এ সময় তারা তিনটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে সাতটার দিকে জিন্দাবাজার এলাকায় হরতাল সমর্থকেরা মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল পৌনে আটটার দিকে কালনী এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ থেকে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার ওসি জানান, সকাল সাড়ে ছয়টার দিকে শহরের গলাচিপা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করেন। সকাল সাতটার দিকে শহরের দেওভোগ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ মিছিলে বাধা দিলে কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটানো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মঈনুর রহমান জানান, নাশকতার অভিযোগে আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সেলিম মিয়া, হাইজাদি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রুশোসহ সাতজনকে আটক করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026