ব্রিটেনের স্বাস্থ্যসচিব সাজিদ জাভিদ কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে দেশটির সদ্য দায়িত্ব নেয়া নতুন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ নিজেই টুইটে কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানান। পরীক্ষায় কোভিড পজিটিভ ধরা পড়লেও তা খুব সহনীয় পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। খবর মেট্রো।
ব্রিটিশ স্বাস্থ্যসচিব নিজ গৃহে সেল্ফ আইশোলেশনে রয়েছেন। তিনি ইতিমধ্যে দুই ডোজ এ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছেন। সাজিদ জাভিদ বলেন, আমি খুব সৌভাগ্যবান যে দুটি টিকাই নিতে পেরেছি। এবং আমার কোভিড সিমটমও খুবই মাইল্ড ধরনের। তিনি বলেন, সবাই যদি নিজেদের দায়িত্বটা পালন করে তাহলে সবাই নিজেকে ও নিজেদের প্রিয়জনদের রক্ষা করছে। একইসঙ্গে তিনি এনএইচএসকে সাহায্য করছে এবং আমাদের বেঁচে থাকার উপায় টিকিয়ে রাখছে।
উল্লেখ্য, শুক্রবার রাতে অস্থিরতা অনুভব করার পর শনিবার সকালে সাজিদ জাভিদ কোভিড টেস্ট করালে তা পজিটিভ ধরা পড়ে। পিসিআর টেস্টের ফলাফল না আসা পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন। এর আগে ব্রিটেনের সদ্য সাবেক স্বাস্থ্যসচিব হ্যানকক শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি ভেঙ্গে তার সহকর্মী জিনাকে চুমু খাওয়ার পর পদত্যাগ করেন। এরপর স্বাস্থ্যসচিব হিসেবে তার স্থলে দায়িত্ব নেন সাজিদ জাভিদ।
Leave a Reply