আলোচিত কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন গুলশান থানা পুলিশ।
গত ১৯ জুলাই ঈদের আগের শেষ কর্মদিবসে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক আবুল হাসান আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এই বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ‘আত্মহত্যা’য় প্ররোচনার অভিযোগ এনে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
আনভীরের অব্যাহতির আবেদনে মুনিয়ার বোন নারাজি
এদিকে, মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের অব্যাহতির আবেদনের ওপর নারাজি দেবেন বলে জানিয়েছেন মামলার বাদি নুসরাত জাহান তানিয়া।
বৃহস্পতিবার বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, আনভীরকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা তো অন্যায়। আমি আদালতে নারাজি দেব। আনভীরকে যদি অব্যাহতি দেওয়া হয়, তাহলে দেশে অন্যায়ের বিচার হবে কী করে?
তিনি বলেন, দেড় মাস আগে এডিসি নাজমুলের সঙ্গে আমার কথা হয়েছে। তারপর আমি অনেকবার পুলিশকে ফোন দিয়েছি। কিন্তু তারা আর ধরে না। ফোন না ধরায় আমি বুঝতে পেরেছি কোনো একটা কিছু হতে যাচ্ছে। আজ গণমাধ্যমে জানতে পারলাম, তাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। নুসরাত আরও বলেন, পুলিশ শুরুতেই বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হবে। কিন্তু আনভীর জড়িত থাকার পরও তাকে কেন তাকে অব্যাহতি দেওয়া হল, সেটা তো আমি জানি না। তবে আগামী ২৯ জুলাই ধার্য তারিখ রয়েছে। আমি আদালতে যাব এবং নারাজি দেব।
Leave a Reply