পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)-এর বিজ্ঞানীরা শুক্রবার জানিয়েছেন, কোভিড-১৯ টিকা নেওয়া ব্যক্তিরাও সহজে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়াতে পারেন। এমন কিছুর আগাম ইঙ্গিত পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করে।
ব্রিটিশ স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) বিজ্ঞানীরা শুক্রবার বলেছেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের বিস্তার রোধ করতে পারে না। এই পর্যবেক্ষণের অর্থ হলো, যারা টিকা নিয়েছেন তারা, টিকা নেননি এমন ব্যক্তিদের মতোই সহজে এই ভাইরাসের ভ্যারিয়েন্ট ছড়িয়ে দিতে পারেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন স্থানের রিপোর্টেও এর আগে একই রকম তথ্য মিলেছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গত সপ্তাহে টিকা নেওয়া ব্যক্তিরাও ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন বলে উদ্বেগ প্রকাশের পর পিএইচই একথা জানালো। অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বজুড়ে প্রধান করোনার ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে। ডেল্টার প্রকোপ ছড়ানোর ফলে মহামারি দীর্ঘায়িত হচ্ছে। করোনায় এখন পর্যন্ত বিশ্বের ৪.৪ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে। করোনার টিকায় ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত হলে গুরুতর অবস্থা থেকে সুরক্ষা পাওয়া যায়। কিন্তু টিকা নেওয়া ব্যক্তিদের মাধ্যমেও এই ভ্যারিয়েন্ট ছড়াতে পারে কিনা তা নিয়ে এখনও পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে পিএইচই জানায়, কিছু প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কিছু ক্ষেত্রে টিকা নেওয়া মানুষেরা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের শরীরে টিকা না নেওয়া মানুষের সমান সংখ্যক ভাইরাস থাকতে পারে। এতে আরও বলা হয়, এটি একেবারে প্রাথমিক পর্যালোচনা। এই বিষয়টি নিশ্চিত হতে আরও নির্দিষ্ট গবেষণা প্রয়োজন।
পিএইচই নিশ্চিত করেছে ১৯ জুলাই থেকে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৫৫.১ শতাংশ টিকা নেননি। আর ৩৪.৯ শতাংশ করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন। ব্রিটিশ জনগণের প্রায় ৭৫ শতাংশ টিকার দুটি ডোজ নিয়েছেন। পিএইচই বলছে, যত বেশি মানুষ টিকা নেবেন হাসপাতালে টিকা নেওয়া মানুষের ভর্তির সংখ্যাও বাড়তে থাকবে।
কলম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়া আরেকটি ভ্যারিয়েন্ট বি.১.৬২১ করোনা টিকা বা আগের সংক্রমণে সৃষ্ট ইমিউনকে পাশ কাটিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পিএইচই। এই ভ্যারিয়েন্টটি পিএইচই-র তদন্তের আওতাধীন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, উচ্চ মাত্রায় সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট প্রথমে শনাক্ত হয় ভারতে। বর্তমানে এই ভ্যারিয়েন্ট কমপক্ষে ১৩৫টি দেশে ছড়িয়ে পড়েছে। চীন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে ভাইরাসের যে সংক্রমণ দেখা দিয়েছে, তাতে প্রাধান্য বিস্তার করছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এ সম্পর্কে পিএইচই বলেছে, লোকজনকে টিকা দেয়া হোক বা না হোক, এই সংক্রমণ বহুগুণ বর্ধিত হয়ে আক্রান্ত করছে মানুষকে। তবে গবেষণায় পাওয়া এই তথ্য আরো গবেষণা করে নিশ্চিত হওয়ার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছে পিএইচই।
পিএইচই’র এই যে গবেষণা তা যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) রিপোর্টের সঙ্গে মিলে যায়। জুলাইয়ে সিডিসি বলেছে, করোনা ভাইরাস জলবসন্তের মতো ছড়িয়ে পড়তে পারে। এতে সতর্কতা দিয়ে বলা হয়, এই ভাইরাসের বিরুদ্ধে যেসব প্রতিরক্ষামূলক ব্যবস্থা তাকে ফাঁকি দিতে পারে এই ভ্যারিয়েন্ট। তবে সিডিসি তার রিপোর্টে বলে যে, টিকা দিলে মানুষকে ভয়াবহভাবে আক্রান্ত হওয়া, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি অনেক কমিয়ে দেয়।
Leave a Reply