শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন সংস্থাটির হাওয়াই কার্যালয়ের সহকর্মীদের প্ররোচনার মাধ্যমে তাঁদের আইডি ও পাসওয়ার্ড নিয়েছিলেন।
বিশ্বব্যাপী জনগণের ইন্টারনেট তৎপরতায় মার্কিন নজরদারির যেসব গোপন তথ্য স্নোডেন গণমাধ্যমে ফাঁস করেন, সেগুলোর কয়েকটিতে তিনি নিজে ঢোকার জন্যই তাঁদের পাসওয়ার্ড দেওয়ার জন্য প্ররোচিত করতেন। গোপন নজরদারির খবর ফাঁস হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, তা তদন্তে নিয়োজিত কয়েকজন মার্কিন কর্মকর্তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সংস্থাটির যেসব কর্মী স্নোডেনকে লগইনের বিস্তারিত তথ্য দিয়েছিলেন, তাঁদের বেশ কয়েকজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দায়িত্ব থেকেও তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
আরেকটি সূত্র জানায়, হাওয়াইয়ে এনএসএর আঞ্চলিক কার্যালয়ের ২০-২৫ জন সহকর্মীকে স্নোডেন প্ররোচিত করেন। আইডি ও পাসওয়ার্ড নিতে তিনি তাঁদের এই বলে প্ররোচিত করেন, কম্পিউটার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব পালনের জন্য তাঁদের আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন। এনএসএর ৬১ বছরের ইতিহাসে গোপন তথ্য হাতিয়ে নেওয়ার যে খারাপ নজির সৃষ্টি হয়েছে, তার পেছনে সংস্থার অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ভূমিকা ছিল। তদন্ত কর্মকর্তাদের সর্বশেষ এই তথ্যে সে বিষয়টিই আবার উঠে এল।
সূত্র: রয়টার্স।