করোনার টিকা পাওয়ার জন্য সিলেট নগরীতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৮৪ হাজার মানুষ অপেক্ষা করছেন। টিকা পাওয়ার জন্য নিবন্ধন করে বসে আছেন তারা। তাদের টিকার জন্য সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ আলাদা ব্যবস্থা করেছে।
মোবাইল ফোনে ম্যাসেজ আসার পর তারা পাবেন টিকা। অপেক্ষমাণ থাকা এই ৮৪ হাজারের মধ্যে রয়েছেন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও। নিবন্ধ করার পর মোবাইল ফোনে ম্যাসেজ না পেলেও সিটি কর্পোরেশনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে তাদেরকে দেওয়া হবে করোনার টিকা। আগামী শনিবার থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছন সংশ্লিষ্টরা।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, যেহেতু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে সুতরাং তাদের টিকা দেওয়া খুবই জরুরী। যার জন্য আমরা এসব ব্যক্তিদের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার কার্যক্রম শনিবার থেকে শুরু করবো।
মোবাইল ফোনে ম্যাসেজ না গেলেও নিজের প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড, ও শিক্ষকদের নিজ নিজ পরিচয়পত্র নিয়ে গেলে নগর ভবনের নিচ তলায় স্থাপিত অস্থায়ী টিকা কেন্দ্রে তাদের টিকা দেওয়া হবে বলে জানান ডা. জাহিদুল ইসলাম। তবে জাতীয় পরিচয়পত্রও সাথে করে নিয়ে যেতে হবে বলে জানান তিনি।
Leave a Reply