যুক্তরাজ্য করোনাভাইরাসের ছোবল থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। এর মধ্যেই আসন্ন শীতে নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এবার যুক্তরাজ্যের একদল বিজ্ঞানীও হোম অফিসের পক্ষে জোরালো মতামত দিয়েছেন।
সরকারের প্রতি তাদের পরামর্শ, এই শীতে কোভিডের বিস্তার থামাতে লোকজনকে বাসা থেকে কাজ করার পরামর্শ দেওয়া যেতে পারে। করোনা মোকাবিলায় এটি হতে পারে সবচেয়ে ইতিবাচক পদক্ষেপ। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, দিনে আক্রান্তের সংখ্যা এক লাখে দাঁড়াতে পারে। এমন পরিস্থিতিতে বাসা থেকে কাজ করাই উত্তম উপায় বলে দাবি করছেন দেশটির বিজ্ঞানীরা।
সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সি (এসএজিই) নামের বিজ্ঞানীদের একটি সংস্থা থেকে ব্রিটিশ সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। এই সংস্থাটি জরুরি পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত গ্রহণকারীদের সহায়তার জন্য বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পরামর্শ দিয়ে থাকে।
এসএজিই বলছে, কর্মক্ষেত্রে উপস্থিতি কিংবা কাজে যোগ দেওয়ার চাপ থেকে সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই সরকারের দ্রুত প্রয়োগের মতো কঠোর করোনাবিধি প্রস্তুত রাখা উচিত।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ বাড়ার আশংকা থাকলেও লকডাউন না দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটিশ সরকার। এ জন্য সচেতনতা ও বেশি করে টিকা দেয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি বিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, শীতে করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে জনগণকে বাসায় অবস্থান করার নির্দেশনা দেওয়া উচিত সরকারের। এতে ভাইরাসের বিস্তার অনেকাংশেই কমে আসবে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের সায়েন্টিফিক এডভাইজরি গ্রুপ ফর ইমার্জেন্সিজ (এসএজিই) জানায়, দ্রুত প্রয়োগ করার মতো করোনা ভাইরাস বিষয়ক কঠোর বিধিনিষেধ প্রস্তুত রাখা উচিত। কর্মক্ষেত্রে উপস্থিতি অথবা কাজে যোগ দেওয়ার চাপ থেকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, বিজ্ঞানীদের পরামর্শ মোতাবেক সব রকম পদক্ষেপ নিয়ে পর্যালোচনা চলছে। জনগণকে রক্ষার জন্য যা যা করতে হয় আমরা তাই করবো। শীতকালের জন্য ‘প্লান-বি’ বাস্তবায়নের জন্য যে আহ্বান আসছে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের পক্ষ থেকে, তার বিরোধিতা করছেন মন্ত্রীরা। এক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে মুখ ঢেকে রাখাকে বাধ্যতামূলক করা হতে পারে।
এদিকে কোভিডের ডেল্টা প্লাস ধরন নিয়ে ঝুঁকি বাড়ছে। সংক্রমণের দৌড়ে এরইমধ্যে এটি অতি সংক্রামক হিসেবে বিবেচিত ডেল্টা ভ্যারিয়েন্টকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে। যুক্তরাজ্যে বর্তমানে করোনা রোগীদের ছয় শতাংশই ডেল্টা প্লাসে আক্রান্ত। কর্তৃপক্ষের আশঙ্কা, অদূর ভবিষ্যতে এটি আরও বাড়বে।
প্রসঙ্গত, দুনিয়া ক্রমেই অগ্রসর হচ্ছে হোম অফিস বা ঘরে বসে কাজ করার দিকে। কোভিড মহামারি সেই প্রবণতায় অনুঘটকের কাজ করেছে। প্রথম সারির বহু সংস্থাই কর্মীদের দীর্ঘকালীন ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করছে। এতে যাতায়াতের কষ্ট ও সময় বাঁচছে। কাজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন কর্মীরা। যাতায়াতের স্ট্রেস না থাকায় কাজও ভালো হচ্ছে।
সম্প্রতি যুক্তরাজ্যজুড়ে কোভিড হাসপাতালগুলোতে ভর্তি এবং করোনায় মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। দেশটিতে গত ১০ দিন ধরে প্রতিদিন ৪০ হাজারেরও বেশি নতুন সংক্রমণ রেকর্ড করা হয়েছে। শুক্রবার নতুন করে আরও ৪৯ হাজার ২৯৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৮০ জনের।
Leave a Reply