যেসব নারী সন্তান ধারণের আকাঙ্খা পোষণ করছেন তাদেরকে আগেই করোনা ভাইরাসের টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিকেল কর্মকর্তা প্রফেসর ক্রিস হুইটি। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো।
প্রধানমন্ত্রী ১০ ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন প্রফেসর ক্রিস হুইটি। তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন কমপক্ষে ১৭০০ অন্তঃসত্ত্বা। এর প্রায় সবাই করোনা ভাইরাসের টিকা নেননি। তাদেরকে নিতে হয়েছে আইসিইউতে। এর মধ্যে ২৩২ জন বা শতকরা ৯৮ ভাগেরও বেশি টিকা নেননি।
এ সময় তিনি বলেন, ১লা ফেব্রুয়ারি থেকে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত একাডেমিক ডাটা অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৭১৪ জন অন্তঃসত্ত্বা। এর মধ্যে ১৬৮১ জন বা শতকরা ৯৮ ভাগই বলেছেন, তারা করোনার টিকা নেননি। আইসিইউতে যদি মারাত্মক অসুস্থ এমন কারো কাছে যান, সেখানে দেখবেন ২৩৫ জন নারী।
প্রফেসর হুইটি বলেন, আইসিইউতে এই ভর্তি প্রতিরোধযোগ্য। এক্ষেত্রে কেউ কেউ মারাও গেছেন। তিনি আরো বলেন, সর্বসম্মত মেডিকেল মতামত হলো প্রতিটি ক্ষেত্রে ঝুঁকি থেকে উত্তম সুবিধা দেবে টিকা। চিকিৎসক, ধাত্রী বিষয়ক পরামর্শক গ্রুপ এবং অন্যান্য বৈজ্ঞানিক গ্রুপগুলোর মধ্যে এই ধারণাটি সর্বজনবিদিত। তাই আমি সব নারীকে, বিশেষ করে যারা অন্তঃসত্ত্বা বা সন্তান ধারণের আশা করছেন, তাদেরকে টিকা নিতে উৎসাহিত করতে পারি।
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ ব্রিটেনে করোনা পজেটিভ ধরা পড়েছে আরো ৩৯ হাজার ৭০৫ জনের। তবে অন্তঃসত্ত্বাদের টিকা নেয়ার এমন আহ্বান এর আগে খুব সম্ভব জানানো হয়নি। এখন ইংল্যান্ডের প্রধান ধাত্রী জ্যাকুলিন ডাঙ্কলি-বেন্ট, রয়েল কলেজ অব অবস্টেট্রিসিয়ানস অ্যান্ড গাইনিকোলজিস্টস প্রেসিডেন্ট ড. এডওয়ার্ড মরিস এবং স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদও এই গ্রুপের নারীদের টিকা নিতে উৎসাহিত করছেন। গত সপ্তাহে জয়েন্ট কমিটি অন ভ্যাক্সিনেশন অ্যান্ড ইমিউনাইজেশনের সদস্য প্রফেসর এডাম ফিন বলেছেন, সাধারণ টিকা নেয়াদের থেকে টিকা না নেয়া অন্তঃসত্ত্বাদের আলাদা করে দেখা উচিত নয়। তারা অন্তঃসত্ত্বা হলে টিকা নেয়া উচিত।
ব্রিটিশ সরকারের সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ার ২৮ দিনের মধ্যে মারা গেছেন আরো ৪৭ জন। এ সংখ্যা মিলে ব্রিটেনে মোট মৃতের সংখ্যা এক লাখ ৪২ হাজার ৯৪৫। জাতীয় পরিসংখ্যান বিষয়ক অফিস থেকে প্রকাশিত আলাদা আরেক হিসাবে দেখা গেছে, ব্রিটেনে এক লাখ ৬৭ হাজার মানুষ মারা গেছেন। তাদের মৃত্যু সনদে মৃত্যুর কারণ করোনা ভাইরাস উল্লেখ আছে।
Leave a Reply