বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯

একনেকে ১৭ প্রকল্পে সায়

একনেকে ১৭ প্রকল্পে সায়

শীর্ষবিন্দু নিউজ: মেয়াদের শেষ সময়ে দেশের উপকূলীয় আট পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে ৮৭৫ কোটি টাকার একটিসহ সাড়ে চার হাজার কোটি টাকার ১৭টি প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদন পায়। রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অনান্য মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের উপকূলীয় আট পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হলে উপকূলীয় পিরোজপুর, মঠবাড়িয়া, বরগুনা, আমতলী, গলাচিপা, কলাপাড়া, ভোলা ও দৌলতখান শহরে ১০৬ কিমি রাস্তা, ৮৫ কিমি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ১৯৪ কিমি পানি সরবরাহ পাইপলাইন উন্নতকরণ ও সংস্থাপন, ৫১টি কমিউনিটি ল্যাট্রিন স্থাপন, ১০টি বিদ্যালয়ে টয়লেট স্থাপন ইত্যাদি কার্যক্রম এর আওতায় আসবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রতিষ্ঠানিক সামর্থ ও মিউনিসিপ্যাল পরিচালন ব্যবস্থা শক্তিশালী এবং পৌরসভাগুলোর প্রকল্প ব্যবস্থাপনায় সহায়তা করা হবে বলে প্রকল্পটির কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।

এটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি এবং স্ট্রাটেজিক ক্লাইমেট ফান্ড ঋণ ও অনুদান হিসেবে ৭০৫ কোটি টাকা দেবে। ২০১৪ সালের জানুয়ারি মাসে প্রকল্পের কাজ শুরু হবে। শেষ হবে ২০২০ সালের মে মাসে। সভায় ময়মনসিংহ ও কুমিল্লা শহরে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় শহর দুটিতে প্রায় দেড় লাখ প্রি-পেইড মিটার বসানো হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি টাকা। এর মধ্যে জার্মান ঋণ ১০৪ কোটি টাকা। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৫ পর্যন্ত।

সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনুমোদিত ১৭ প্রকল্পের মোট ব্যয়ের দুই হাজার ৯৩৭ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি এক হাজার ৬৪২ কোটি টাকা প্রকল্প সাহায্য খাত থেকে মেটানো হবে। অনুমোদিত অন্যান্য প্রকল্প হল- পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্প (৪৫ কোটি টাকা), বৃহত্তর রংপুর জেলায় আধুনিক ক্ষুদ্র সেচ সম্প্রসারণ (৩৪ কোটি টাকা-জি), জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন ব্রহ্মপুত্র নদে দুটি ব্রিজ নির্মাণ প্রকল্প (২০৯ কোটি টাকা) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে ধলেশ্বরী নদীর উপর ৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ (৭০ কোটি টাকা), বিএনএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ (পতেঙ্গা, চট্টগ্রাম, ১৭১ কোটি টাকা)।

এছাড়া মিরপুর-ক্যান্টনমেন্ট বাইপাস রোড উন্নয়ন প্রকল্প  (৪১ কোটি টাকা), পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ (১৭৪ কোটি টাকা), আনসার ও ভিডিপি’র ব্যাটালিয়ন সদর দপ্তর কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায় ১৫টি আনসার ব্যাটালিয়ন) প্রকল্প (১৭২ কোটি টাকা), চিনকী আস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল নবায়ন ও আনুষঙ্গিক কাজ (২৯৭ কোটি টাকা), বাংলাদেশ রেলওয়ের ১০০টি এমজি ও ৫০টি বিজি যাত্রীবাহী গাড়ি সংগ্রহ প্রকল্প (১১৩০ কোটি টাকা), ৫০ শয্যা বিশিষ্ট ৩টি বিজিবি হাসপাতাল (চুয়াডাংগা, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি) স্থাপন প্রকল্প (২১৩ কোটি টাকা), গোপালগঞ্জে ইডিসিএল-এর ৩য় শাখা কারখানা স্থাপন (৫৯৭ কোটি টাকা), বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ (ভাটীয়ারি, চট্টগ্রাম, ৩২৯ কোটি টাকা) প্রকল্প অনুমোদন পেয়েছে।

অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে- সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নগর ভবন পুননির্মাণ এবং কর্পোরেশনের জন্য প্রয়োজনীয় যানবাহন ও সরঞ্জামাদি সংগ্রহ (৪৫ কোটি টাকা) এবং বাঁদাঘাট- এয়ারপোর্ট (সিলেট) লিংক রোডের অসমাপ্ত কাজ সম্পন্নকরণ প্রকল্প (৪৫ কোটি টাকা)।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026