ব্রিটেনে সাধারণ মানুষের জন্য ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা, চাইল্ড বেনিফিট এবং স্টেট পেনশন সুবিধা শতকরা ৩.১ শতাংশ বেড়ে যাবে। আগামী মাস থেকে ব্রিটেনজুড়ে বিভিন্ন পেশার মানুষের জন্য এ রকম সুখবর আসছে।
আগামী এক মাস পর অর্থ্যাৎ এপ্রিল মাস থেকেই ব্রিটেনের মানুষ এই সুবিধা পাবেন। এতে ইতিমধ্যে জীবন যাপনের ব্যয় বেড়ে যাওয়ায় ভোগান্তিতে থাকা লাখ লাখ ব্রিটিশ নাগরিককে কিছুটা সুবিধা এনে দিবে।
এদিকে ইউনিভার্সাল ক্রেডিট সুবিধা বাড়ানোর ফলে একজন মানুষ মাসিক ১৬ পাউন্ড বেশি অর্থ পাবে। অবসরপ্রাপ্ত ব্রিটিশরা সাপ্তাহিক ৫.৫৫ পাউন্ড এবং দুটি শিশুর একটি পরিবার বাৎসরিক ৫০ পাউন্ড অতিরিক্ত অর্থ পাবে। আপনি যদি এসব সুবিধার আওতায় থাকেন তবে আগামী মাস থেকে অবশ্যই আপনার প্রাপ্ত সুবিধাগুলো বুঝিয়ে নিতে হবে।
আরও কিছু তথ্য- ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় স্টান্ডার্ড এলাউন্স পাওয়া ২৫ বছর বয়সের নিচে প্রতিজনের বরাদ্দ ২৫৭.৩৩ থেকে বেড়ে ২৬৫.৩১ পাউন্ড হবে। আর ২৫ বছরের উপরে এটি ৩২৪.৮৪ থেকে ৩৩৪.৯১ পাউন্ড হবে। চাইল্ড বেনিফিট সুবিধার ক্ষেত্রে ২০১৭ সালের ৬ এপ্রিলের পূর্বে কারো প্রথম সন্তান জন্ম নিলে তাদের বেনিফিট পেমেন্ট ২৮২.৫ থেকে ২৯০ পাউন্ড হবে।
এছাড়া ৬ এপ্রিলের পরে জন্ম নেওয়া একটি শিশুর জন্য এই সুবিধা ২৩৭ থেকে ২৪৪.৫৮ পাউন্ড হবে। যেসব মানুষের কাজের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা কম তাদের সুবিধা ১২৮.৮৯ থেকে ১৩২.৮৯ পাউন্ড হবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষের সেবায় নিয়োজিত থাকে এবং সাপ্তাহিক ৩৫ ঘন্টা কাজ করে তবে তাদের সুবিধা ১৬৩.৭৩ থেকে ১৬৮.৮১ পাউন্ড হবে।
এদিকে হাইয়ার ওয়ার্ক এলাউন্সের ক্ষেত্রে ৫৫৭ থেকে ৫৭৩ পাউন্ড এবং লোয়ার ওয়ার্ক এলাউন্সের ক্ষেত্রে ক্রেডিট সুবিধা ৩৩৫ থেকে ৩৪৪ পাউন্ড হবে। হাউজিং বেনিফিট এর ক্ষেত্রে ২৫ বছরের নিচের মানুষদের ক্ষেত্রে ৫৯.২০ থেকে ৬১.০৫ পাউন্ড হবে। ২৫ বছরের উপরে মানুষদের ক্ষেত্রে ৭৪.৭০ থেকে ৭৭ পাউন্ড হবে।
এছাড়া অবসরপ্রাপ্ত ব্রিটিশ নাগরিকদের সাপ্তাহিক পেনশন ক্রেডিট ১৭৭.১০ পাউন্ড থেকে বেড়ে ১৮২.৬০ পাউন্ড হবে। দুইজনের ক্ষেত্রে এটি ২৭০.৩০ পাউন্ড থেকে ২৭৮.৭০ পাউন্ড হবে। এছাড়া কারো বয়স ৬৬ বছরে পৌছালে সে স্টেট পেনশন সুবিধা পায় ব্রিটেনে। এই স্টেট পেনশনের ক্ষেত্রে সাপ্তাহিক ১৭৯.৬০ পাউন্ড থেকে বেড়ে গিয়ে ১৮৫.১৫ পাউন্ড হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েক সপ্তাহ পরেই এপ্রিল মাস থেকে ব্রিটেনে নতুন ট্যাক্স বছর শুরু হবে। এতে ক্রমাগত জীবন যাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেডিট সুবিধা, চাইল্ড বেনিফিট কিংবা পেনশন বাড়ানো নতুন কিছু না। তবে আগামী এপ্রিলে যুক্তরাজ্যের সামগ্রিক মুদ্রাস্ফীতি ৭ শতাংশে পৌঁছাতে পারে।
ফলে ৭ শতাংশ মুদ্রাস্ফীতির বিপরীতে ৩.১ শতাংশ বেনিফিট সুবিধা বাড়ানো মানুষের পুরো সমস্যা কাটাতে পারবে না। তবে তাদেরকে কিছুটা স্বস্তিতে রাখবে। ইতিমধ্যেই গ্যাস ও খাদ্যের বিল বেড়ে যাওয়ায় হাজার হাজার ব্রিটিশ পরিবারের নাভিশ্বাস উঠে গেছে।
Leave a Reply