ব্রিটেনে প্রথমবারের মতো প্রতি লিটার পেট্রোলের গড় দাম ১৫৫ পেন্স বা এক পাউন্ড ৫৫ পেন্স উঠেছে। এ নামের একটি গ্রুপের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, প্রথমবারের মতো দাম এই পরিমাণ বৃদ্ধির ফলে এক গ্যালন পেট্রোলের দাম দাঁড়িয়েছে কমপক্ষে ৭ পাউন্ড। এএ আরও বলেছে, একটি গাড়ির ৫৫ লিটার ধারণ ক্ষমতার ট্যাংক পেট্রোল দিয়ে ভরতে এক বছর আগের চেয়ে এখন অতিরিক্ত ১৭ পাউন্ড দিতে হচ্ছে।
কারণ, এক বছর আগে এর মোট দাম ছিল ৬৮.৬০ পাউন্ড। তা বেড়ে এখন দাঁড়িয়েছে ৮৫.৫৯ পাউন্ড। রোববার প্রতি লিটার পেট্রোলের গড় দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫৫.৬২ পেন্স। অন্যদিকে ডিজেলের দাম দাঁড়িয়েছে ১৬১.২৮ পেন্স।
এরপরও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন। তারা বলেছেন, এই দাম আরও বাড়বে। বিবিসি লিখেছে, ২০০৮ সালের জুলাইয়ের পর তেলের এই দাম বৃদ্ধি সর্বোচ্চ। অন্য দেশগুলোতে রাশিয়ার তেল সরবরাহের বিরুদ্ধে জোরালো এক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। এ তথ্য সামনে আসার পরই এই দাম বৃদ্ধি দেখা দিয়েছে। বৈশ্বিক তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছিল কমপক্ষে ১৩৯ ডলার।
পরে অবশ্য তা কিছুটা কমে প্রায় ১৩০ ডলারে এসে থামে। এক্ষেত্রে পোর্টল্যান্ড ফুয়েলের ব্যবস্থাপনা পরিচালক জেমস স্পেন্সার সতর্ক করেছেন। বলেছেন, বাজারে যদি আমরা অতিরিক্ত সরবরাহও পাই, তবু সহসাই কিছু ঘটতে যাচ্ছে না। আমার ভয় হচ্ছে, প্রতি লিটারের দাম ১.৭০ পাউন্ড থেকে ১.৭৫ পাউন্ড দাঁড়াতে পারে।
Leave a Reply