রুশ হামলায় ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস ও ব্যালে শিল্পী আর্টেম দাতসেশেন নিহত হয়েছেন। ৬৭ বছর বয়সী অভিনেত্রী শভেটস বৃহস্পতিবার রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রকেট হামলায় নিহত হন। সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ সম্মাননা পেয়েছেন তিনি।
চলচ্চিত্র নির্মাতা ফ্লোরেন্স বুকানন অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, এই গুণী অভিনেত্রী রুশ বাহিনীর রকেট হামলা প্রাণ হারিয়েছেন। এটি আরেকটি মর্মান্তিক বেসামরিক মৃত্যু।
ইয়ং থিয়েটার ফেসবুক পোস্টে লিখেছে, প্রতিভাবান অভিনেত্রীর উজ্জ্বল স্মৃতি সব সময় আমাদের সঙ্গেই থাকবে। আমাদের ভূখণ্ডে যে শত্রুরা ঢুকেছে তাদের ক্ষমা নেই।
এদিকে রুশ হামলায় আহত ইউক্রেনের ব্যালে শিল্পী আর্টেম দাতসেশেনের মৃত্যু হয়েছে। কিয়েভে রুশ হামলায় আহত এই শিল্পী প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন।
তার বয়স হয়েছিল ৪৩ বছর। বন্ধু তাতিয়ানা বোরোভিক সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন।
ইউক্রেনের ন্যাশনাল অপেরার প্রধান মঞ্চ পরিচালক আনাতোলি সোলোভিয়ানেনকো শোক বার্তায় তাকে একজন মহান শিল্পী হিসেবে অ্যাখায়িত করেছেন। তার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন অনেকেই।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। দেশটির বহু বেসামরিক স্থপনায় রুশ সেনারা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। জাতিসংঘ কয়েকশ বেসামরিক নিহতের কথা নিশ্চিত করেছে।
Leave a Reply