ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়েও বেশি ধনী। দেশটির সংবাদমাধ্যম সানডে টাইমস ২০২১ সালের ধনী ব্যক্তিদের তালিকায় অক্ষতা মূর্তির নাম উঠে এসেছে।
ব্রিটিশ মন্ত্রী ঋষি সুনাক ও অক্ষতা মূর্তির পরিচয় হয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। সে সময় তারা সেখানে এমবিএ পড়ছিলেন। এরপর ২০০৯ সালের আগস্টে ভারতে তাদের বিয়ে হয়।
সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, ভারতের ধনী পরিবারে জন্ম অক্ষতা মূর্তির। তার বাবা এন নারায়ণ মূর্তি (৭৫) প্রযুক্তি জায়ান্ট ইনফোসিসের সহপ্রতিষ্ঠাতা। ১৯৮১ সালে স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১৩০ ডলার ধার নিয়ে তিনি এ প্রতিষ্ঠান তৈরি করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলারেরও বেশি। ওয়াল স্ট্রিটে নাম যুক্ত করা এটি প্রথম ভারতীয় প্রতিষ্ঠান।
অক্ষতার মা সুধা মূর্তি (৭১) পেশায় প্রকৌশলী। ভারতের অন্যতম খ্যাতিমান প্রতিষ্ঠান টাটা মোটরসের প্রথম নারী প্রকৌশলী ছিলেন তিনি। সুধা মূর্তি যখন টাটায় যুক্ত হন, তখন প্রতিষ্ঠানটিতে নারী প্রকৌশলী নিয়োগ না দেওয়ার নিয়ম ছিল। তিনি এ নিয়মের প্রতিবাদ জানিয়ে টাটার চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন।
Leave a Reply