শীর্ষবিন্দু নিউজ: এরশাদ সাহেবের শেষ কথা শোনার জন্য অপেক্ষা করতে হবে। আজ শুক্রবার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে মানিকদী-সিগন্যালগেট-আইএসএসবি সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা বলেন।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জানান, জাতীয় পার্টি, বিকল্প ধারা, কৃষক-শ্রমিক জনতা লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জেএসডি) নিয়ে শিগগিরই নতুন জোটের ঘোষণা আসছে। মহাজোট ছাড়ছেন কি না- সে ঘোষণাও দুয়েকদিনের মধ্যে দেবেন বলে এরশাদ জানান। সাবেক সামরিক শাসক এরশাদ এর আগেও মহাজোটে থাকা নিয়ে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি বিভিন্ন সময়ে এককভাবে নির্বাচন করার কথা বললেও জাতীয় পার্টি ভেতরে ভেতরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বড় দুই দলকে অভিশাপ আখ্যায়িত করে হুসেইন মোহাম্মদ এরশাদ নতুন জোট গঠনের কথা বললেও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের মনে করেন, এটাই জাতীয় পার্টির চেয়ারম্যানের শেষ কথা নয়। সর্বদলীয় সরকারে কে কে মন্ত্রী হচ্ছেন, বর্তমান মন্ত্রীদের মধ্যে কে কে থাকছেন- সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের বলেন, রাজনীতি হচ্ছে একটা দাবা খেলা। এখানে কার মন্ত্রিত্ব থাকবে, আর কারটা থাকবে না তা বলা যায় না। তবে অল্প কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক দৃশ্যপটে রংধনু দৃশ্যমান হবে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে ঢাকা ক্যান্টনমেন্টে একটি সড়কের প্রশস্তকরণের কাজ ঘুরে দেখেন যোগাযোগমন্ত্রী।
তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী ১৭ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কের কাজ বাস্তবায়ন করছে। সাবেক সামরিক শাসক এরশাদ এর আগেও মহাজোটে থাকা নিয়ে পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি বিভিন্ন সময়ে এককভাবে নির্বাচন করার কথা বললেও জাতীয় পার্টি ‘ভেতরে ভেতরে’ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ সময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে লেফটেনেন্ট জেনারেল আনোয়ার হোসেন, মেজর জেনারেল আবুল হোসেন ও মেজর জেনারেল সাইদ মাসুদ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।