রানির শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে দেশ-বিদেশ থেকে অতিথিরা লণ্ডন আসতে শুরু করেছেন। কর্তৃপক্ষ ভিড় এড়াতে এ জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
রানির প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনে সারারাত হাজার হাজার শোকাভিভূত মানুষের উপচে পড়া ভিড় ছিল ওয়েষ্টমিনিস্টার হলে। টেমস নদীর দক্ষিণ তীর ধরে দুই মাইল দীর্ঘ এই সারিবদ্ধ মানুষেরা সকলেই ছিলেন নীরব।
এসময়ে রাজা চার্লস তার দেশের বাড়িতে, হাইগ্রোভে দিন কাটাচ্ছেন। প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলস পরে ফুলেল শ্রদ্ধা জানাতে স্যান্ড্রিংহামে থাকবেন। শাসনকালের রানি বেশির ভাগ সময় কাটিয়েছিলেন এই প্রাসাদে।
গত বছর দুই হলো উইনসর প্রাসাদে থাকছিলেন ঠিকই, কিন্তু বিগত কয়েক দশক ব্রিটেনের রানির সরকারি বাসভবন ছিল লন্ডনের বাকিংহাম প্রাসাদ। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্কটল্যান্ড থেকে সেই বাকিংহাম প্রাসাদে ফিরে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন।
বাকিংহাম ছেড়ে রানির কফিন যখন যাত্রা শুরু করে তখন হাইড পার্কে তোপধ্বনি শুরু হয়। ওয়েস্টমিনস্টার হলে কফিন পৌঁছনো পর্যন্ত রানিকে শ্রদ্ধা জানাতে প্রতি এক মিনিট অন্তর বেজে উঠেছে বিগ বেন।
ড্রামের হাল্কা আওয়াজ আর ঘোড়ার পায়ের শব্দের সঙ্গে তাল মিলিয়ে রানির কফিনের সঙ্গে একসঙ্গে আবার হাঁটলেন তার চার সন্তান। পিছনে পিছনে হেঁটেছেন রাজা তৃতীয় চার্লসের দুই ছেলে উইলিয়াম ও হ্যারি। সঙ্গে ছিলেন পরিচিত লাল পোশাক আর কালো টুপি পরা বাকিংহামের রাজরক্ষীরা।
রানির কফিন ঢাকা ছিল লাল-হলুদ রয়্যাল স্ট্যান্টার্ড পতাকায়। তার ওপরে উজ্জ্বল বেগুনি কুশনের ওপরে রাখা ছিল তার মুকুটটি। উইনসর প্রাসাদের বাছাই করা ফুল দিয়ে বানানো স্তবকও ছিল কফিনের ওপরে। রানির শেষকৃত্যে অংশ নিতে দেশ-বিদেশ থেকে আসছেন অতিথিরা ।
Leave a Reply