শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট মহানগরের সনাতন ধর্মাবলম্বী সকল নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। সিলেটের সকল পূজারি ও দর্শনার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পূজা আয়োজনের অনুরোধ জানান সিসিক মেয়র।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিক মেয়র বলেন, নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসের কারণে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল অতীত রয়েছে।
সম্প্রীতির সেই ঐতিহ্য অটুট রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। পূজা উদ্যাপন নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশন এলাকার রাস্তা-ঘাট থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।
নগরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাথ দখল করে পথচারিদের চলাচলে বিঘ্ন না ঘটানোর আহ্বানও জানান সিসিক মেয়র।
এদিকে সিলেট সিটি করপোরেশন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ধিত এলাকাসহ মোট ৭৫টি পূজামণ্ডপের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
পূজা উপলক্ষে ১লা অক্টোবর থেকে ৫ই অক্টোবর তারিখ পর্যন্ত সার্বক্ষণিক জরুরি সেবা নিশ্চিতে সিসিকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের সার্বিক তত্ত্বাবধান করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান।
এ ছাড়া কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সেবা চালু রাখতে সিসিকের আরও ১০ কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দেয়া হয়েছে। কন্ট্রোল রুম নম্বর ১০৭, নগর ভবন, সিলেট সিটি করপোরেশন, সিলেট।
Leave a Reply