শীর্ষবিন্দু নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিরোধী দলের আপত্তির মধ্যে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রীদের শপথ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই তথ্য জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
বিএনপি নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সে দাবি উপেক্ষা করে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচন চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দলের বিপরীত অবস্থানে রাজনৈতিক সঙ্কটের আশঙ্কার মধ্যে রাষ্ট্রপতির উদ্যোগ প্রত্যাশা করে এর আগে বিএনপির কয়েকজন নেতার বক্তব্য এসেছে।