আসছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্বকাপের আদলে ৩২ দল নিয়ে ২০২৫ সালে শুরু হবে ক্লাব বিশ্বকাপের যাত্রা । চার বছর পর পর হবে এই টুর্নামেন্ট। সাতটি দল অংশ নেবে এতে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে মরক্কোয় অনুষ্ঠিত হবে ২০২২ ক্লাব বিশ্বকাপ। ২০২০ সালের ক্লাব বিশ্বকাপ আসরটি ২০২১ সালে চীনে ২৪ দল নিয়ে হওয়ার কথা ছিল। করোনা মহামারীতে পরিকল্পনা ভেস্তে যায়।
শুক্রবার ফিফা কাউন্সিল মিটিংয়ে ইনফান্তিনো বলেন, ‘নতুন ক্লাব বিশ্বকাপ ২০২৫ সালে শুরু হবে এবং ৩২টি দল অংশ নেবে। বিশ্বকাপের মতো এগিয়ে যাবে টুর্নামেন্টের খেলা।’ এর বাইরে ২০২৬ বিশ্বকাপের গ্রুপপর্বের ফরম্যাট ও প্রীতি ম্যাচ নিয়ে নতুন ‘ওয়ার্ল্ড সিরিজ’ টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারেও আলোচনা করেছে ফিফা।
তবে ইনফান্তিনোর ঘোষণার পর এ নিয়ে প্রশ্ন তুলেছেন ফুটবল পণ্ডিতরা। তাদের প্রশ্ন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই ঠাঁসা সূচিতে কীভাবে ক্লাব বিশ্বকাপের আয়োজন করবে ফিফা। সাবেক ইংলিশ তারকা জেমি ক্যারাঘার টুইট করেছেন, ‘দুই বছর পর পর ইনফান্তিনো হাস্যকর সব আইডিয়া নিয়ে আসেন। খেলোয়াড়দের বিশ্রাম প্রয়োজন।
তারা খেলোয়াড়দের গবাদিপশু মনে করছে। ফিফা চ্যাম্পিয়নস লীগ ঘৃণা করে তাই এমন কিছু তৈরি করতে চায়। ইউরোপিয়ান ক্লাবের উচিত এটা বয়কট করা।’ ৪৮ দলের বিশ্বকাপ নিয়েই ইউরোপের শীর্ষ লীগগুলোর অসম্মতি ছিল। এবার ক্লাব বিশ্বকাপ নিয়ে এল ফিফা। তাদের পরিকল্পনা শেষতক সফল হয় কিনা সেটাই দেখার বিষয়।
দল বাড়িয়ে ২০২৫ সালের জুনে নতুন ক্লাব বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ফিফা। ইনফান্তিনো বলেন, কোথায় হবে এ বিষয়ে আলোচনা হয়নি এখনো। জানি না ব্রিটিশ মিডিয়া কী বলছে বা বলেনি, আমরা চার বছর অন্তর অন্তর ৩২ দলের ক্লাব বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।
প্রথম এডিশন হবে ২০২৫ সালের গ্রীষ্মে। এই স্লটে অন্য বছরগুলোতে কনফেডারেশন কাপ হতে পারে। টুর্নামেন্ট একটু দীর্ঘায়িত হবে। যেহেতু ৩২টি দল অংশ নেবে এতে। কিন্তু বিশ্বসেরা দলগুলোকেই আমন্ত্রণ জানানো হবে। স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা সেরে সামনের মিটিংগুলোতে আমরা বিষয়টি নিয়ে বৈঠকে বসবো।
১৯৯৮ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে আটটি গ্রুপে ভাগ হয়ে ৩২টি দল খেলছে। তবে ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮ দলের। এতে পূর্বের ফরম্যাট বদলে যাচ্ছে। ২০১৭ সালে ফিফার কাউন্সিল প্রাথমিকভাবে ‘তিন দলের ১৬ গ্রুপ’- এই সিস্টেম বেছে নিয়েছিল।
তবে কাতারে গ্রুপপর্বের নাটকীয়তার পর সভাপতি ইনফান্তিনো প্রেস কনফারেন্সে জানান, এই ফরম্যাটে পরিবর্তন আসতে পারে। ইনফান্তিনো বলেন, ‘আমরা পরের বিশ্বকাপে তিন দলের ১৬টি গ্রুপ করার চিন্তা করেছিলাম। যেখানে শীর্ষ দুই দল যাবে শেষ ৩২-এ। এরপর শেষ ১৬, শেষ ৮…।
কিন্তু এই বিশ্বকাপে চার দলের গ্রুপপর্বের যে সাফল্য দেখলাম, শেষ ম্যাচ ও শেষ মিনিট পর্যন্ত কেউ বলতে পারেনি কোন দল যাবে। আমাদের ব্যাপারটা নিয়ে আবার আলোচনায় বসতে হবে যে, আমরা তিন দলের ১৬টি গ্রুপ করবো নাকি চার দলের ১২টি গ্রুপ করবো। আগামী মিটিংয়ে বিষয়টি নিশ্চিতভাবেই আমাদের এজেন্ডায় থাকবে।’
ফিফা কাউন্সিল মিটিংয়ে প্রতি জোড় বছরে চারটি দল নিয়ে ‘ওয়ার্ল্ড সিরিজ’ আয়োজনের পরিকল্পনাও গৃহীত হয়। চারটি ভিন্ন কনফেডারেশন থেকে বেছে নেওয়া হবে চার দল। কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছে, ছেলেদের ২০৩০ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত হবে ২০২৪ সালে। আর মেয়েদের ২০৩১ বিশ্বকাপের স্বাগতিক দেশ নির্ধারিত হবে ২০২৫ সালে। ইনফান্তিনো জানিয়েছেন, প্রতি চার বছরে একবার করে মেয়েদের ক্লাব বিশ্বকাপ ও ফুটসাল বিশ্বকাপ আয়োজনেরও ইচ্ছা আছে তার।
২০২৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারও বদলে যাবে। দুটি ভিন্ন উইন্ডোর (সেপ্টেম্বর-অক্টোবর এবং মার্চ-জুন) জায়গায় একই উইন্ডোতে ( সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোরের শুরু) খেলা হবে চারটি ম্যাচ। নভেম্বর, মার্চ ও জুনের বাকি উইন্ডোগুলো অপরিবর্তিত থাকবে।
Leave a Reply