শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬

২০২২ সালের অপ্রত্যাশিত ঘটনা

২০২২ সালের অপ্রত্যাশিত ঘটনা

বছর বিদায় নেয়ার পথে। আর মাত্র কয়েকটি দিন বাকি। এ সময়ে বর্তমান বছরে (২০২২ সালে) অনেক ঘটনা ঘটে গেছে বিশ্বে। এ বছরটিকে বলা যেতে পারে একটি যুগের ইতি এবং নতুন আরেকটি যুগের শুরু হিসেবে।

এ সময়ে ভয়াবহ এক যুদ্ধ ফিরেছে ইউরোপে। এসেছে পারমাণবিক হামলা চালানোর হুমকি। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাপা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সম্পর্কে দেখা দিয়েছে আরও উত্তেজনা।

এ বছরেই এ যাবতকালের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটেনের সিংহাসনে আসীন রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত হয়েছেন। একটি যুগের অবসান হয়েছে। ব্রিটেনে নতুন যুগ শুরু হয়েছে তার ছেলে নতুন রাজা তৃতীয় চার্লসের হাত ধরে।

শ্রীলঙ্কায় জনরোষে পালিয়ে যান তখনকার প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। পাকিস্তানে অনাস্থা ভোটে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সব মিলিয়ে ২০২২ সাল নিয়ে এসেছে অনেক ভালো খবর। আবার খারাপ খবরও।

শ্রীলঙ্কায় পাবলিক ক্যু, প্রেসিডেন্টের পলায়ন, সাম্রাজ্যের পতন
এ বছর বিশ্বরাজনীতিতে সবচেয়ে আলোচিত ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। তেলের দাম বৃদ্ধির ফলে সেখানে অর্থনীতির তলা ফুটো হয়ে যায়। সরকারিভাবে দেশ দেউলিয়া হয়ে যায়। জনগণ এর চাপে পড়ে নিষ্পেষিত হতে হতে উঠে দাঁড়ায়। রাজনৈতিক দলের বাইরে তারা রাজপথ দখলে নেয়। তাদের গণ-উত্থান দেখে ভয়ে দেশ থেকে পালিয়ে যান দোর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে।

উত্তেজিত জনতা দেখিয়ে দেয়, তারা জেগে উঠলে তাদের কাছে কোনো বাধাই বাধা নয়। তার আগে পদত্যাগ করেন তার বড়ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসে। জনতার শক্তির কাছে হেরে যান তারা। জনগণ রাজপ্রাসাদ দখল করে। তছনছ করে। নানা ভঙ্গিতে তার ভেতর পোজ দিয়ে ছবি তোলে। প্রথমদিকে গোটাবাইয়া গভীর সমুদ্রে নৌবাহিনীর একটি নৌযানে আত্মগোপন করেন। সেখান থেকে ফিরে নৌবাহিনীর একটি বিমানে পালিয়ে প্রথমে যান মালদ্বীপে।

সেখানেও বিক্ষোভের মুখে তিনি আশ্রয় নেন সিঙ্গাপুরে। তারা তাকে ঠাঁই দেয়নি। পরে তিনি থাইল্যান্ড হয়ে দেশে ফেরেন। তার আগে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেন গোটাবাইয়া রাজাপাকসে। পার্লামেন্টের স্পিকার মাহিন্দ ইয়াপা আবিওয়ার্ডেনে এক বিবৃতিতে এ কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের ৩৭.১ অনুচ্ছেদ অনুযায়ী রণিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করেছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। কেউ কেউ বলেন, পুরো ঘটনার পেছনে কলকাঠি  নেড়েছে সেনাবাহিনী। তারাই  গোটাবাইয়াকে দেশ থেকে  গোপনে বের করে দিয়েছে। রণিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করা হলেও প্রেসিডেন্ট গোটাবাইয়ার তরফ থেকে তখনো সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ক’দিন ধরেই প্রেসিডেন্টের সকল বক্তব্য পার্লামেন্টের স্পিকার এবং প্রধানমন্ত্রীর অফিস থেকেই আসছিল। মূলত প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে শ্রীলঙ্কা  ছেড়ে পালানোর পরই অস্থায়ী বা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রী রণিল। জনরোষ উপেক্ষা করেই অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নেন তিনি। এ নিয়ে রাজনীতি আবর্তিত হতে থাকে।

রাশিয়ার আগ্রাসনে বিশ্বে অর্থনৈতিক মন্দা
এ বছরেই বিশ্ববাসীর সব অনুরোধ, সতর্কতা উপেক্ষা করে ইউক্রেনে আগ্রাসন চালিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ফলে মানবাধিকার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। রাশিয়ার আগ্রাসনে বিশ্ব অর্থনীতি টালমাটাল হয়ে পড়েছে। দেশে দেশে দেখা দিয়েছে অর্থনৈতিক মন্দা।

বেড়েছে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছে দুর্বিষহ। এই আগ্রাসনের ফলে লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। এরফলে বিশ্বে মানবাধিকার আরও ভয়াবহ অবস্থায় গেছে। শরণার্থী সংকট বৃদ্ধি পেয়েছে। ফলে বিশ্বজুড়ে বর্তমানে শরণার্থীর সংখ্যা প্রায় ৩ কোটি ২০ লাখ। এর অর্থ নিজ নিজ দেশে নিষ্পেষণ, সংঘাত ও সহিংসতার ফলে মানুষ দেশ ছাড়ছে। এরসঙ্গে আছেন দেশের  ভেতর বাস্তুচ্যুত মানুষ। এই সংখ্যা ধরলে উদ্বাস্তু মিলে মোট সংখ্যা দাঁড়াতে পারে কমপক্ষে ১০ কোটি।

২০২১ সালের তুলনায় এই সংখ্যা এক কোটি ৩০ লাখ বেশি। এই সংখ্যা আবার আয়ারল্যান্ড, লিথুয়ানিয়া এবং নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার সমান। চলমান সহিংসতায় সিরিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে মানবিক পরিস্থিতি উন্নতির কোনোই লক্ষণ নেই। বিশ্বে মোট শরণার্থীর মধ্যে শুধু সিরিয়ারই এক পঞ্চমাংশ। হাইতিতে বৃদ্ধি পেয়েছে গ্যাং ভায়োলেন্স।

ফলে হাজার হাজার মানুষ দেশ ছেড়েছেন। ২০২৩ সালে শুধু কিছু ভালো খবর আসতে পারে ইথিওপিয়া থেকে। নভেম্বরের শুরুতে ইথিওপিয়ার সরকার এবং টাইগ্রিসের নেতারা একটি শান্তিচুক্তি স্বাক্ষর করে। এর মধ্যদিয়ে দুই বছরের গৃহযুদ্ধের অবসান হয়।

ব্রিটেনে ২ মাসে ৩ প্রধানমন্ত্রী, রানীর বিদায়
এ বছরেই বৃটেনের রাজনীতি টালমাটাল হয়ে ওঠে। একসময় এই দেশটি বিশ্বজুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। সেই বৃটেনই মাত্র দুই মাসের মধ্যে পেয়েছে ৩ জন প্রধানমন্ত্রী। প্রথমে বরিস জনসন পদত্যাগ করেন। দায়িত্বে আসেন লিজ ট্রাস।

কিন্তু কয়েকদিনের মধ্যে তিনিও বিদায় নেন। নতুুন প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন ঋষি সুনাক। এ বছরেই বিশ্ব হারিয়েছে রানী এলিজাবেথকে। তার মৃত্যুতে বিশ্বজুড়ে এক শোকের ছায়া নেমে আসে। পুরো বৃটেন তার প্রতি শ্রদ্ধায় অবনত হয়। তার শোকমিছিলে অংশ নেন বিশ্বের তাবড় নেতারা।

৩ সংকটে বিপর্যস্ত পাকিস্তান 
পাকিস্তানকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে তিনটি সংকট। তা হলোÑ রাজনৈতিক, অর্থনৈতিক এবং জলবায়ু বিষয়ক সংকট। এপ্রিলে অনাস্থা ভোটে পার্লামেন্টে ক্ষমতা হারান প্রধানমন্ত্রী ইমরান খান। তার এই ক্ষমতা হারানোর মধ্যদিয়ে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীই তাদের নির্ধারিত ক্ষমতার ৫ বছর সম্পন্ন করতে পারেননি।

তবে ক্ষমতা হারালেও ইমরান খান অবসরে চলে যাননি। উল্টো তিনি রাজধানী ইসলামাবাদমুখী ধারবাহিক প্রতিবাদ বিক্ষোভ করতে থাকেন। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পদত্যাগ দাবি করেন। দৃশ্যত প্রতিশোধ নিতে তার বিরুদ্ধে আগস্টে দেশের সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগ আনে সরকার। নভেম্বরে লংমার্চকালে তাকে গুলি করা হয়।

এজন্য তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের দায়ী করেন এবং একই সঙ্গে আগাম নির্বাচন চেয়ে বসেন। ইমরান খানের সমর্থকরা যখন আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন সরকার দেশের ঋণ সংকটের সমাধান খুঁজতে দ্বারস্থ হয় আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের। তারা আগস্টে বেইলআউট প্যাকেজ অনুমোদন করে।

ওদিকে শুধু চীনের কাছেই পাকিস্তানের ঋণ আছে প্রায় ৩০০০ কোটি ডলার, যা পাকিস্তানের জাতীয় প্রবৃদ্ধির শতকরা প্রায় ৩০ ভাগ। ২০২৩ সালে তাদেরকে সার্বিকভাবে প্রায় ২০০ কোটি ডলারের ঋণ শোধ করতে হবে। এ বছরেই ভয়াবহ বন্যা দেশটির এক-তৃতীয়াংশকে প্লাবিত করে। এতে কমপক্ষে ১০ লাখ বাড়িঘর ধ্বংস হয়ে যায়। তিন সংকটে পাকিস্তানের ২২ কোটি ৫০ লাখ নাগরিক আগামী বছর কঠিন সময়ে পড়বে।

লাতিন আমেরিকায় বামদের উত্থান 
লাতিন আমেরিকার বেশির ভাগ দেশ এ বছর বামনীতির দিকে ঝুঁকেছে। ২০১৭ সালে মধ্য ডানপন্থি রাজনীতিকরা লাতিন আমেরিকার রাজনীতিতে প্রাধান্য বিস্তার করছিলেন। কিন্তু ২০১৮ সালে মেক্সিকোতে নির্বাচিত হয়ে আসেন আঁদ্রে ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ফলে বাতাস ঘুরে যায়। ২০১৯ সালে আর্জেন্টিনার প্রেসিডেন্সি দাবি করে বসেন মধ্য-বামপন্থি প্রার্থী আলবার্তো ফার্নান্দেজ।

২০২০ সালে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন সমাজতান্ত্রিক লুইস আরসি। গত বছর সমাজতান্ত্রিক পেদ্রো ক্যাস্টিলো পেরুর প্রেসিডেন্ট হন। আর বামপন্থি গাব্রিয়েল বোরিক হন চিলির প্রেসিডেন্ট।  বামপন্থার দিকে এই অগ্রসরতা ২০২২ সালেও অব্যাহত থাকে। গণতান্ত্রিক সমাজতন্ত্রী সিয়াওমারা ক্যাস্ট্রো হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

সাবেক বিদ্রোহী যোদ্ধা গুস্তাভো পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস গড়েন। ডানপন্থি জায়ের বোলসনারোকে পরাজিত করে ব্রাজিলে ক্ষমতায় ফেরেন লুইস ইনাসিও লুলা দা সিলভা।

ইরানে বিক্ষোভ
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতাসীন সরকার ইরানে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে ২০২২ সালে। এর আগেও বিক্ষোভ হয়েছে। কিন্তু তা এই বিক্ষোভের মতো বিস্তৃতি ঘটাতে পারেনি। বিশেষ করে সেপ্টেম্বরে নৈতিকতা বিষয়ক পুলিশ রাজধানী তেহরানে মাথার চুল না ঢেকে রাখার জন্য মাহশা আমিনি নামে এক যুবতীকে আটক করে। তাদের হেফাজতে থাকাকালে তিনি মারা যান। পরিবারের সদস্যদের দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই মৃত্যুর নিন্দা জানিয়ে রাজপথে নেমে পড়েন। তারা নারীদের প্রতি দুর্ব্যবহারের প্রতিবাদ জানান। এই বিক্ষোভ দ্রুতই পুরো দেশে ছড়িয়ে পড়ে। এজন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেন ইরানের নেতারা। ডিসেম্বর নাগাদ রাজপথে বিক্ষোভ করা প্রায় ৪৫০ জনকে হত্যা করেছে ইরানের নিরাপত্তা রক্ষাকারীরা। সরকারও প্রতিবাদ বিক্ষোভকারীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর শুরু করেছে।

যুক্তরাষ্ট্র–চীন উত্তেজনা বৃদ্ধি
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তির প্রতিযোগিতা পুরোমাত্রায় আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করে এ বছর অক্টোবরে। চীন আন্তর্জাতিক প্রেক্ষাপটকে ক্রমাগতভাবে তার দিকে ধাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়। এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের বিজয়ী হওয়ার বাসনার কথা বলা হয়।

এতে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে চীনের সমর্থন, তাইওয়ানকে চীনের ভীতি প্রদর্শনের চেষ্টাসহ বিভিন্ন বিষয়ে জোর দিয়ে তুলে ধরে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কী পরিমাণে উত্তেজনা তা বোঝার জন্য দৃষ্টি ফেরাতে হবে আগস্টে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের বিরুদ্ধে চীনের প্রতিক্রিয়া থেকে।

অক্টোবরে কৃত্রিম বৃদ্ধিমত্তার ক্ষেত্রে আধিপত্য বিস্তারকারী আধা পরিবাহী চিপস এবং প্রযুক্তি পাওয়ার সুবিধা থেকে চীনের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেয় বাইডেন প্রশাসন। একই সঙ্গে চীনের বিরুদ্ধে একই রকম পদক্ষেপ গ্রহণ করতে বন্ধু এবং মিত্রদের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। মধ্য নভেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেন জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পারস্পরিক উত্তেজনা প্রশমনে জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের মতো ক্ষেত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।

ইসরাইলের স্বার্থরক্ষা, ফিলিস্তিনিদের হতাশা
প্রেসিডেন্ট হিসেবে এ বছরই প্রথম মধ্যপ্রাচ্য সফর করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তিনি ইসরাইল, দখলীকৃত পশ্চিম তীর এবং সৌদি আরব যান। জুলাইয়ে তিনি ইসরাইলের তেল আবিবে অবতরণ করেন। ১৬ই জুলাই পর্যন্ত হয় এই সফর।

পৌঁছার পর সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর যুক্তরাষ্ট্র সমর্থিত আয়রন ডোম সিস্টেম ও নতুন লেজার বিষয়ক সিস্টেম আয়রন বিম বিষয়ে ইসরাইলের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা তাকে ব্রিফিং করেন। তিনি ইসরাইলি নেতাদের সঙ্গে জেরুজালেমে আলোচনায় দু’দিন সময় ব্যয় করেন।

এরপরই তিনি সরাসরি ইসরাইল থেকে সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। সেখানে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং উপসাগরীয় মিত্রদের একটি সামিটে যোগ দেন। তবে এ কথা মনে রাখা উচিত, ইসরাইলের অস্তিত্বের স্বীকৃতি দেয় না সৌদি আরব।

বাইডেনের সফরের আগেই পশ্চিম তীরের জেনিন শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। শিরিন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। স্বভাবতই এ বিষয়ে যুক্তরাষ্ট্র সোচ্চার হবে, এমনটাই আশা করা হয়েছিল। কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026