আল-কায়দার সাবেক প্রধান এবং জঙ্গি নেতা ওসামা বিন-লাদেনকে হত্যায় সমর্থন ছিল ব্রিটেনের। সম্প্রতি প্রকাশিত এক নথি থেকেই এমন তথ্য মিলেছে।
শুক্রবার দ্য টাইমসের রিপোর্টে জানানো হয়, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার নয় মাস আগেই লাদেনকে হত্যার পরিকল্পনা হাতে নিয়েছিল ওয়াশিংটন।
সে সময় ব্রিটিশ সরকারও জানিয়েছিল, তারা লাদেনকে হত্যার বিষয়ে একমত। আরব নিউজের খবরে জানানো হয়, ওই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। তিনি বিমান হামলার মাধ্যমে লাদেনকে হত্যার প্রস্তাব পছন্দ করেন।
ওই সময় বিন-লাদেন এফবিআই’র মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল। তানজানিয়া ও কেনিয়ার মার্কিন দূতাবাসে হামলায় দুই শতাধিক মানুষের মৃত্যুর পরই লাদেনকে হত্যায় উঠে পড়ে লাগে যুক্তরাষ্ট্র।
লাদেনের নির্দেশে সে সময় মার্কিন স্বার্থে আরও বেশ কিছু বড় হামলা চালায় আল-কায়দা।
ব্লেয়ারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জন সাওয়ারস তাকে সেই সময় বলেছিলেন, আমরা সবাই বিন-লাদেনকে হত্যার পক্ষে ছিলাম।
আমেরিকানদের কাছে তখনও কোনো প্রমাণ ছিলনা যে এসব হামলার পেছনে লাদেন রয়েছে। তারা বিমান হামলা চালাতে গড়িমসি করছিল।
সে সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। যদিও এর কয়েক দিন পরেই বুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সে সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্র উভয়েই লাদেনকে হত্যার পক্ষে ছিল তবে যথাযথ সময় নির্ধারণে দেরি হচ্ছিল। এর নয় মাস পড়েই যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা চালায় আল-কায়দা।
৯/১১ হামলার পর ক্লিনটন বলেছিলেন, আফগানিস্তানেই লাদেনকে হত্যার সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু বেসামরিক মানুষদের মৃত্যুর কথা চিন্তা করে সেখান থেকে সরে আসা হয়।
২০১৪ সালে প্রকাশিত আরেক টেপে শোনা যায় বিল ক্লিনটন বলছেন, আমি তাকে প্রায় ধরেই ফেলেছিলাম। কিন্তু অনেক বেশি ঝুঁকি ছিল। তাই আমি সেটা করিনি।
Leave a Reply