ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, মাত্র এক বছরে ১১.৬ শতাংশ দাম বেড়েছে দুধ, চাপাতা এবং চিনির দাম। খাদ্য ও পানীয়ের দাম আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ।
যুক্তরাজ্য ছাড়াও ইউক্রেন যুদ্ধ ও কোভিড মহামারি পরবর্তী বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে তীব্র মূল্যস্ফীতিতে পশ্চিমা বিশ্বের প্রায় সবগুলো দেশই। সদ্য শেষ হওয়া বছরের অক্টোবর মাসে যুক্তরাজ্যের ভোক্তা মূল্যসূচক অতিক্রম করেছে গত ৪১ বছরের রেকর্ডকে।
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী জেরেমি হান্ট চলমান মূল্যস্ফীতি যুক্তরাজ্যের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলছে বলে স্বীকার করেছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকার মূল্যস্ফীতি অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনায় অটল রয়েছে বলে রয়টার্সকে জানান ব্রিটিশ অর্থমন্ত্রী।
ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম এবং ডেটা ফার্ম নিলসনের সর্বশেষ মাসিক প্রতিবেদনে দেখা গেছে, বার্ষিক খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ১০.৬% থেকে আরো বাড়ে। অক্টোবর মাসে তাজা খাবারের বার্ষিক মূল্য সেপ্টেম্বরে থাকা ১২.১ শতাংশের তুলনায় বছরে ১৩.৩ শতাংশ বেড়েছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগের মাসে ৩.৩ শতাংশ থেকে বেড়ে ৪.১ শতাংশ হয়েছে।
৪৫ বছরের মধ্যে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে সর্বোচ্চ হারে। গত ডিসেম্বরে দেশটির সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও, তা প্রভাব ফেলেনি খাদ্য ও পানীয়ের দামে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোসহ বেশ কিছু পদক্ষেপ নিলে গত দুই মাসে মূল্যস্ফীতি পরিস্থিতির সামান্য উন্নতি হয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে ব্রিটেনে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭ শতাংশ। ডিসেম্বরে মূল্যস্ফীতি ২ দশমিক ২ শতাংশ কমে ভোক্তা মূল্যসূচক দাঁড়ায় ১০ দশমিক ৫ শতাংশে। তবে খাবারের দাম কমেনি। বরং দেশটিতে এখন সব ধরনের খাদ্যপণ্যের দাম বাড়তির দিকে।
১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসের পর অর্থাৎ গত ৪৫ বছরের মধ্যে এত বেশি হারে খাবারের দাম কখনই বাড়েনি যুক্তরাজ্যে। ইউক্রেন যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দামকেই এই বাড়তি মূল্যস্ফীতির কারণ হিসেবে মনে করা হচ্ছে। যুক্তরাজ্যে গত এক বছরে জ্বালানির দাম বেড়েছে চারগুণ।
Leave a Reply