অবশেষে চার হাত এক হলো সিড-কিয়ারার। বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের আসর বসেছে জয়সলমেরে। নিরাপত্তা এতই কড়া যে খবর পাওয়ার উপায় নেই। ছবি তো দূরে থাক। তাই অপেক্ষার প্রহর জমছিল।
অবশেষে বিয়ে হলো ৭ ফেব্রুয়ারি। রাজস্থানে কাঠফাটা রোদ। রাস্তাজুড়ে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। অতিথিদের জন্য এলাহি ব্যবস্থার আঁচ যখন বাইরে থেকেই পাওয়া যাচ্ছে, ছবি প্রকাশ্যে আসতে শুরু করল একে একে।
এই জুটি প্রেম যে করতেন তাও কখনো প্রকাশ্যে আনেননি। বিয়েটাও করে ফেললেন প্রায় চুপিচুপি। সবার নজর এখন সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির বিয়েতে।
কখন আসবে প্রথম ছবি? কী রঙের পোশাক পরেছেন তারা? কোন থিম? জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে এখন ঠিক কী হচ্ছে- এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
বিয়ে হওয়ার কথা ছিল ৬ ফেব্রুয়ারি। সেই রাত ব্যাচেলর পার্টি করতেই কেটে গিয়েছে বর-কনের। অতিথিরাও একের পর এক ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাই বাইরে থেকে কাকপক্ষীও টের পেল না যে বিয়েটা এক দিন পিছিয়ে গেল।
বর যে ঘোড়ায় চেপে কনের মুখ দেখবেন সেই সাদা ঘোড়াও টগবগিয়ে ঢুকে গেল সূর্যগড় প্রাসাদের মধ্যে। তৈরি ছিল বরযাত্রী, ব্যান্ড পার্টিও। তার পর দুপুরবেলা সাত পাকে ঘুরলেন সিড-কিয়ারা। রাজকীয় বেশ, যাতে রুপোলি আভা। কড়া নিরাপত্তা পেরিয়ে তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে।
বিয়েতে নিমন্ত্রিতদের জন্য সূর্যগড় প্রাসাদে ব্যবস্থা করা হয়েছে ৮০টি বিলাসবহুল ঘরের। সঙ্গে অতিথিদের যাতায়াতের জন্য থাকছে ৭০টি বিলাসবহুল গাড়িও। যেগুলোর মধ্যে রয়েছে মার্সেডিজ, জ্যাগুয়ার, বিএমডব্লিউয়ের মতো নামী-দামি গাড়ি।
জোধপুর বিমানবন্দর থেকে অতিথিদের বিয়ের ভেন্যুতে নিয়ে যাওয়ার জন্য সব সময় মজুত থাকবে এই গাড়িগুলো; যাতে অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি না হয়, রয়েছে তার সব বিলাস ব্যবস্থাই।
পাঞ্জাবি ঐতিহ্য মেনেই বিয়ের আয়োজন। একেবারে ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠান হলেও জাঁকজমকের ঘটা যে কম নয়, বোঝা গেল পরে। আমন্ত্রিতদের তালিকায় মাত্র ১০০-১২৫ জনের নাম। যাদের মধ্যে রয়েছেন পরিচালক করণ জোহর, পোশাকশিল্পী মণীশ মালহোত্রা।
Leave a Reply