কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, মহাজোট আর সর্বদলীয় সরকার দুটো একই জিনিস। যেই লাউ সেই কদু। এই সরকার গঠনে জটিলতার অবসান হবে না বরং আরও বৃদ্ধি পাবে। আগে আমরা পয়সা দিয়ে সার্কাস দেখতাম, মহাজোট এখন দেশের মানুষকে বিনা পয়সায় সার্কাস দেখাচ্ছে। মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার মানুষকে কিছু দিতে পারে না। মানুষই বরং অনেক কিছু দেয়। কিন্তু এখন তো দেখি সরকার অনেক কিছু দেয়ার কথা বলে।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সময় অনুসারে এসে থাকে। সরকারের পরিবেশ সৃষ্টি করা উচিত। কিন্তু এই সরকারই পরিবেশ সৃষ্টিতে সবচেয়ে বড় অন্তরায়। আগামী নির্বাচনে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের মনে সন্দেহ জাগানোর মতো কোন কাজ করিনি। এ বিষয়ে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করেছি। সখিপুরের সমাবেশে আমি যা বলেছি সেটাই আমার বক্তব্য। নির্বাচনকালীন সরকারে সাবেক প্রেসিডেন্ট এরশাদের যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজের সঙ্গে লুকোচুরি করা ভাল না। ছোটবেলায় বাচ্চাদের সঙ্গে আমরা লুকোচুরি খেলেছি। কিন্তু জাতির সঙ্গে টুক-পলান্তি খেলা যায় না।
সম্প্রতি টাঙ্গাইলের সখিপুরের জনসভায় কাদের সিদ্দিকী বলেছিলেন, আজ আমরা হাসিনাকে বলে দিচ্ছি, আপনার অধীনে কোন নির্বাচন হবে না। সবাইকে কিনতে পারলেও সখিপুরের গামছা কিনতে পারবেন না। এরশাদ সাহেবকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেছিলেন, যতক্ষণ তিনি মহাজোটে আছেন ততক্ষণ আমি তার সঙ্গে কোন কথা বলতে যাবো না। এরশাদ সাহেবকে উদ্দেশ্য করে বলছি, বেশি খেলা ভাল নয়। বেশি খেললে ডুবে মরতে হয়। ১৮ দল নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে, আপনারাও নির্দলীয় সরকারের দাবি করছেন, তাহলে একসঙ্গে আন্দোলন করার কোন সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে বঙ্গবীর বলেন, এটা সময়ের ব্যাপার। কাদের সিদ্দিকী আবারও তার সেই বক্তব্যের কথা উল্লেখ করে বলেন, আমি আমার অবস্থানেই আছি।
সৌজন্য: মানবজমিন