শীর্ষবিন্দু নিউজ: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে সারা দেশে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে এই ধর্মঘট করছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। কোথাও কোথাও চলছে গাড়ি ভাংচুর।
সকাল থেকে ফরিদপুর বাস টার্মিনাল থেকে ঢাকা, বরিশাল ও খুলনাসহ আন্তঃজেলারুটে কোনো বাস চলেনি। তবে স্থানীয় রুটের মিনিবাসগুলো চলাচল করছে। ফরিদপুর মটর ওর্য়াকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান হাওলাদার জানান, ধর্মঘটের আওতায় রয়েছে শুধু আন্তঃজেলা রুটে চলাচলকারী পরিবহনের গাড়ি। তাই ফরিদপুর অঞ্চলে স্থানীয় রুটে বাস চলাচল করছে। তবে এই অঞ্চলে স্থানীয় রুটে কিছু বাস চলাচল করছে।
ধর্মঘটের ফলে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চলাচলকারী উত্তরাঞ্চলের ৩২টি রুটে ফেডারেশনের আওতাভুক্ত কোন যানবাহন গাজীপুরের চান্দনা-চৌরাস্তা হয়ে চলাচল করছে না। এতে এসব অঞ্চলের যাত্রী সাধারণ চরম দূর্ভোগে পড়েছেন। সকাল সাড়ে ৮টা থেকে জামালপুরে যাওয়ার জন্য স্ত্রী-সন্তান নিয়ে কামাল হোসেন চান্দনা চৌরাস্তায় বাসের জন্য অপেক্ষা করছেন। সকাল ১০টায়ও গাড়িতে ওঠতে পারেন নি তারা। ধর্মঘটে গাজীপুরে ট্রাক, পিকআপ, ট্যাংক লরি চলাচলও বন্ধ রয়েছে
জানা যায়, সিলেটে বিক্ষিপ্ত ভাংচুরের মধ্যে পরিবহন ধর্মঘটের মধ্যে সকালে সিলেটে অন্তত ১০টি অটোরিকশা ভাংচুর করেছে পরিববহন শ্রমিকরা। সকাল ১০টার দিকে নগরীর চণ্ডিপুল এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে। ধর্মঘটের কারণে সকাল থেকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ রুটের মিনিবাসও বন্ধ রয়েছে। বিভিন্ন রুটে কিছু অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। অনেক স্থানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সদস্যদের বাধার কারনে অটোরিকশা চলাচলও বাধাগ্রস্ত হয়। গণপরিবহন চলাচল করতে না পারায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।