শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাহামকে নিউইয়র্কে লেখাপড়ার জন্য ভর্তি করা হবে। কারণ শাকিব খান বেশির ভাগ সময়ই এখন যুক্তরাষ্ট্রে থাকবেন।
এমনটাই কানাঘুষা চলছে চিত্রপাড়ায়। একজন জানিয়েছেন, অপু বিশ্বাস এখন থেকে যুক্তরাষ্ট্রে আসা যাওয়ার মধ্যেই থাকবেন।
উল্লেখ করার বিষয় হলো ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাওয়ার পরপরই শাকিব খান যুক্তরাষ্ট্রে চলে গেছেন। যাওয়ার সময় তিনি গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রিয়তমা মুক্তি পাবে। সেই উপলক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। অপু বিশ্বাস যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢালিউড এ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য। সঙ্গে নিয়ে গিয়েছেন পুত্র আব্রাহামকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় আব্রাহামের একহাত ধরে শাকিব খান হাঁটছেন। তার পেছনে ছিলেন অপু বিশ্বাস। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে রয়েছে ম্যাকডোনাল্ড। তারা এক সময় গাড়িতে উঠেন। এছাড়া হিল্লোল ও নওশিনের সন্তানের জন্মদিনেও শাকিব-অপুকে একসঙ্গে দেখা গেছে।
এই ভিডিও থেকেই স্থানীয় গণমাধ্যমে কানাঘুষা শুরু হয়েছে তারা আবারও একসঙ্গে বসবাস শুরু করতে যাচ্ছেন। ভিডিওর বাইরেও কিছু ঘটনায় দেখা গেছে, শাকিব খানের সংকটের সময় অপু বিশ্বাস পাশে এসে দাঁড়াচ্ছেন।
বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী একজন প্রযোজকের সঙ্গে শাকিব খানের পেশাগত জটিলতা সৃষ্টি হলে তা সারিয়ে তোলার জন্য অপু বিশ্বাস প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এগিয়ে এসেছেন।
এছাড়া অপু প্রযোজিত ‘লাল শাড়ি’ ছবির জন্যও অর্থ দিয়েছেন শাকিব খান, যা অপু বিশ্বাস এক সংবাদ সম্মেলনেই বলেছেন। শাকিব-অপুর এই বিনিময় সম্পর্ক যখন ক্রমশ উন্নত হচ্ছে তখনই সামনে চলে এসেছে শাকিব খানের দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানের জননী অভিনেত্রী বুবলীর কথা।
প্রশ্ন তোলা হয়েছে, শাকিব ও অপু যখন আব্রাহামের হাত ধরে নিউইয়র্কের রাস্তায় ঘুরছেন তখন বুবলী কোথায়? একটি সূত্র জানিয়েছে, বুবলীর ফোনটি খোলা থাকলেও তিনি রিসিভ করছেন না। তিনি কি ঢাকায় নেই?
Leave a Reply