লন্ডনে ১৬ই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে মধ্যরাতে লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে শহীদ মিনারে এসেছিলেন বাংলাদেশিরা।
দলমত নির্বিশেষে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজয় দিবস উপলক্ষে। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হয়েছে এবারের বিজয় দিবস।
পরিবারে সঙ্গে ব্রিটেনে জন্ম ও বেড়ে উঠা নতুন প্রজন্মও এসেছিলেন ফুল দিতে। শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
বাংলাদেশ হাইকমিশন, রাজনৈতিক, সামাজিক ও অনেক দাতব্য সংস্থাকেও দেখা যায় শহীদ মিনারের লাইনে। সুন্দর -সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সবাই একের পর এক বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
একের পর এক শহীদ মিনারে বেদিতে ফুল দেয়া চলে ১৬ই ডিসেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে ভোর পর্যন্ত। বিজয়ের প্রথম প্রহরের অপেক্ষায়, স্বদেশপ্রেমী মানুষের লম্বা লাইন, অপেক্ষা- কখন হবে ১৬ই ডিসেম্বর ১২টা ১ মিনিট।
উচ্ছ্বাস-উদ্দীপনায় হাতে হাতে নানা রকম বাহারি ফুলের ডালি। কার আগে কে ফুলের ডালি সমর্পণ করবেন শহীদ মিনারের বেদিতে। কেউবা একা, কেউবা পরিবার নিয়ে আবার কেউ এসেছেন নিজের প্রিয় সংগঠনের হয়ে।
বিশেষ করে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের উপস্থিতি নজর কেড়েছে, নিজের দেশের ইতিহাস-সংস্কৃতি সম্পর্কে না জানলেও তাঁরা বিজয় দিবসের সঙ্গে যেন পূর্ব পরিচিত।
Leave a Reply