শীর্ষবিন্দু নিউজ: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আওয়ামী লীগের আজ্ঞাবহ দাস বলে উল্লেখ করা হয়েছে হেফাজতে ইসলামের পক্ষ থেকে। অরাজনৈতিক এ সংগঠনটির ঢাকা মহানগর শাখা এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার চরম সুবিধাবাদী স্বৈরাচারী এরশাদকে ১৮০ ডিগ্রি কোণে ঘুরিয়ে নিজেদের আজ্ঞাবহ দাসে পরিণত করেছে। নিজের স্বার্থ হাসিলে প্রতারণার আশ্রয় নিয়ে এরশাদ জাতির কাছে নিন্দা ও ধিক্কারের পাত্র হয়েছেন। নেতারা বিবৃতিতে আরও বলেন, এরশাদ তার প্রতারণার কাজে হেফাজতকে ব্যবহারের চেষ্টা করেছিলেন। প্রতারণার আশ্রয় নিয়ে শাহ আহমদ শফীর দোয়া নেয়ার চেষ্টা করেছিলেন। হেফাজতের নায়েবে আমির ও ঢাকা মহানগর আহ্বায়ক মাওলানা নূর হোসাইন কাসেমী, সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসূফী, মাওলানা মাহফুজুল হক, মুফতি তৈয়্যব, মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ এ বিবৃতি দেন।
প্রসঙ্গত: রোববার চট্টগ্রামের হাটহাজারীতে আহমদ শফীর সঙ্গে দেখা করে তার দোয়া নেন হুসেইন মুহম্মদ এরশাদ। তখন তিনি জানান, ধর্মভিত্তিক দলগুলো নিয়ে জোট করবেন। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকবেন না। ক্ষমতায় গেলে হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের চেষ্টা করবেন। এর একদিন পরই তিনি অবস্থান পাল্টে ফেলেন। সর্বদলীয় সরকারে যোগদান ও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। এরশাদের এ অবস্থান বদলে ক্ষুব্ধ হয় হেফাজতে ইসলাম।