রামাদানকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহর।
পবিত্র এই মাসকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার সেন্ট্রাল লন্ডনের পিকাডিলি স্কয়ারে আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ই মার্চ লন্ডনের মেয়র সাদিক খাঁন এই আলোকসজ্জা উৎসবের শুভ সূচনা করেন। এ সময় মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র রামাদানকে স্বাগত জানিয়ে লন্ডনে আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এমন সাজসজ্জা করা হয়েছে। রামাদান লাইটিং এর অন্যতম উদ্যোক্তা রহিমা আজিজ জানালেন, লাইটিংয়ের এই ডিজাইন কিভাবে এবং কেন করা হলো।
পুরো রামাদান মাসব্যাপী রামাদান লাইটিং থাকবে। রবিবার রামাদান লাইটিং এর উদ্বোধন হয় সেন্ট্রাল লন্ডনের সবচেয়ে বড় এবং বিখ্যাত শপিং এলাকা অক্সফোর্ড স্ট্রীটে।
পশ্চিম লন্ডনের লিসেস্টার স্কয়ারের সঙ্গে পিকাডিলির কভেন্ট্রি স্ট্রিটে এমন আলোকসজ্জা করা হয়েছে। সড়কে অর্ধচন্দ্রাকার চাঁদ তারা ও ফানুস দিয়ে করা হয়েছে আলোকসজ্জা। চাঁদের উপর লেখা হয়েছে ‘হ্যাপি রামাদান’।
রঙিন বাতির আলোয় জ্বলজ্বল করছে হ্যাপি রামাদান রেখা অর্ধচন্দ্রাকার চাঁদ। প্রায় ৩০ হাজার বাতির আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে গোটা এলাকা।
এ বিষয়ে নিজের ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে লন্ডনের মেয়র সাদিক খাঁন বলেন, পশ্চিম প্রান্ত আলোকিত করতে রামাদানের আলো ফিরে এসেছে। এই দৃষ্টিনন্দন প্রদর্শন বিশ্বকে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে, লন্ডন সবার জন্য এবং আমরা আমাদের বৈচিত্র্য উদ্যাপন করি।
ইতিহাসের প্রথম বারের মতো গত বছর লন্ডনে রামাদান উপলক্ষে এমন আলোকসজ্জা করা হয়। দ্বিতীয়বারের মতো এই বছরও আলোকসজ্জা করা হয়েছে।
পথচারীরদের অনেকেই বলেন, রামাদান উপলক্ষে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে ব্রিটেনের অন্যান্য ধর্মীয় বিশ্বাসের মানুষের কাছে রমজানের মহত্ত্ব পৌঁছে যাবে।
এসব নজরকাড়া স্বাজসজ্জায় অভিভূত পথচারীরা। আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এই আলোকসজ্জা থাকবে।
Leave a Reply