বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪

বিমানবন্দরে হ্যান্ড লাগেজের নিয়মে পরিবর্তন আনছে ব্রিটেন

বিমানবন্দরে হ্যান্ড লাগেজের নিয়মে পরিবর্তন আনছে ব্রিটেন

২০০৬ সাল থেকে ব্রিটেনের সকল বিমানবন্দরে যাত্রীদের হ্যান্ডলাগেজে সর্বোচ্চ ১০০ মিলিলিটার তরল জাতীয় পণ্য বহনের নিয়ম বেঁধে দেয়া হয়।

ট্রান্স-আটলান্টিক এক ফ্লাইটে বোমা বিস্ফোরণের চক্রান্ত নস্যাৎ করে দেয়ার পর গত ১৮ বছর ধরে এই নিয়ম চলছে। তবে এই কড়াকড়ি তুলে দিয়ে নিয়ম শিথিল করতে দেশের ছোট-বড় সকল বিমানবন্দরে সিটি স্ক্যান প্রযুক্তির এক ধরনের স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেয় সরকার।

এটি বসানো হয়ে গেলে দুই লিটার পর্যন্ত তরল পদার্থ হ্যান্ড লাগেজে বহন করতে পারবেন ভ্রমণকারীরা। এছাড়া হ্যান্ড লাগেজ থেকে ল্যাপটপ সহ কোনো কিছুই বের করতে হবে না।

কেননা ব্যাগের থ্রি-ডি ইমেজ দেখাবে স্ক্যানার। ব্রিটেনের ছোট কিছু বিমানবন্দর যেমন লন্ডন সিটি, টিসাইড, বার্মিংহাম এবং নিউক্যাসেল এয়ারপোর্ট ইতোমধ্যে এই প্রযুক্তি স্থাপন করে ব্যবহারও শুরু করে দিয়েছে।

টিসাইড এয়ারপোর্টের এমডি জানালেন, নতুন প্রযুক্তি কেবল সুবিধাজনক নয়, এতে বিমানবন্দরের কাজের গতিও বেড়েছে। প্রাথমিকভাবে ২০২২ সালের মধ্যে বিমানবন্দরগুলোকে এই প্রযুক্তি বসানোর নির্দেশ দেয় সরকার। পরে এই সময়সীমা বাড়িয়ে চলতি বছরের ১ জুন পর্যন্ত নির্ধারণ করে দেয়া হয়।

কিন্তু এই সময়সীমার মধ্যেও নতুন স্ক্যানার বসাতে পারছেনা ব্রিটেনের বৃহৎ তিন বিমানবন্দরঃ লন্ডন গ্যাটউইক, হিথরো এবং ম্যানচেস্টার বিমানবন্দর। এসব বিমানবন্দরে নতুন স্ক্যানার বসাতে আরও অন্তত এক বছর সময় লেগে যাবে।

বিমানবন্দরের কর্তৃপক্ষগুলো আলাদাভাবে আবেদন করে সময় বৃদ্ধির অনুমতি পেয়েছে। দেশের ছোট বিমানবন্দরগুলোতে হ্যান্ড লাগেজে দুই লিটার তরল বহন সহ নতু নিয়ম চালু হয়ে গেছে। অনেকেই জানেন দেশের সবগুলো বিমানবন্দরে ১ জুনের মধ্যে এই নিয়ম চালু হয়ে যাবে।

কিন্তু হিথরো, গ্যাটউইক, ম্যানচেস্টারের মতো বড় বিমানবন্দরে এই নিয়ম চালু হবে অন্তত আরও এক বছর পর। তাই যাত্রা করার আগে এ বিষয়ে খোঁজখবর নিতে পরামর্শ দেয়া হচ্ছে ভ্রমণকারীদের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026