সম্প্রতি ডোভার এলাকার এমপি নাটালি এলফিক লেবার দলে যোগ দিয়ে বলেছেন, ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ দল অদক্ষতা এবং অনৈক্যের অপর নাম।
এবার কনজারভেটিভ দলের আরেকজন এমপি লেবার দলে যোগ দিলেন। দুই সপ্তাহেরও কম সময়ে এটি একই ধরনের দ্বিতীয় ঘটনা।
নাটালি এলফিক অভিযোগ করেছেন, ঋষি সুনাক প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তিনি বলেন, অনেক কারণেই তিনি কনজারভেটিভ দল ছেড়ে লেবার দলে যোগ দিয়েছেন।
তাঁর মধ্যে রয়েছে পর্যাপ্ত সংখ্যক বাড়ি নির্মাণে ব্যর্থতা এবং সীমান্ত নিয়ন্ত্রণে ব্যর্থতা। বুধবার হাউজ অফ কমন্সে নাটালি এলফিকের ফ্লোর ক্রসিঙের দৃশ্য ধারণ হয় সংসদের ক্যামেরায়। নাটালি এলফিককে লেবার বেঞ্চে নিয়ে যাওয়া হয়।
সেখানে তিনি লেবার নেতা কিয়ার স্টারমারের পেছনের সারিতে বসেন। বসার আগে নতুন বস তাঁর সাথে হ্যান্ডশেইক করেন।
ঋষি সুনাকের পেছন থেকে উঠে এসে একজন এমপি নিজের পেছনে বসছেন- বিষয়টি দারুণ উপভোগ করেন কিয়ার স্টারমার। লজ্জা দেয়ার চেষ্টা করেন ঋষি সুনাককে।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাম্প্রতিক স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়ে দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলতে বুধবার এক বৈঠক ডাকেন।
বৈঠকে যাওয়ার পথে দলের এমপি নাটালি এলফিকের লেবার দলে যোগদান সম্পর্কে সহকর্মীদের প্রতিক্রিয়া জানতে চাইলে, অনেকে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ তাঁকে সুযোগসন্ধানী হিসেবে বর্ণনা করেন।
নাটালি এলফিক এমপি নির্বাচিত হন ২০১৯ সালে। এর আগে এই আসনে এমপি ছিলেন তাঁর তখনকার স্বামী চার্লি এলফিক। দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগ গঠিত হওয়ার পর চার্লি এলফিক এমপি পদ ছাড়েন।
আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দণ্ডিত হন চার্লি এলফিক। ঠিক তখনই তাদের বিয়ে ভেঙ্গে যাওয়ার খবর দেন নাটালি এলফিক।
লেবার বলছে, কারো ব্যাক্তিগত জীবনের দিকে না তাকিয়ে সামগ্রিক বিষয়ের ওপর তাঁরা দৃষ্টি দেবে। দুই সপ্তাহেরও কম সময় আগে কনজারভেটিভ দলের ওপর এমপি ডেন পউলটার লেবার দলে যোগ দেন।
Leave a Reply