আইনমন্ত্রী আনিসুল হক আজ বলেছেন, কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আলাপ-আলোচনার প্রস্তাবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়েছেন।
তিনি সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে আরও বলেন, আমরা তাদের সঙ্গে বসবো। তারা যখনই বসতে রাজি হয়, আমরা সেটা যদি আজকে হয়, আজকেই বসতে রাজি আছি।
সেই সঙ্গে এ ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৭ আগস্ট আপিল বিভাগে কোটা নিয়ে যে রায় দেওয়ার কথা ছিল তা এগিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে। তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দিয়েছেন।
Leave a Reply