মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৮

ইতিবাচক থাকতে হবে আর অক্টোবরে দেখা হবে বলে চলে গেলেন হামজা

ইতিবাচক থাকতে হবে আর অক্টোবরে দেখা হবে বলে চলে গেলেন হামজা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে সিঙ্গাপুরে বিপক্ষে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। শেষ পর্যন্ত বাংলাদেশের ২-১ গোলের হারে হতাশ হয়েছেন দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রাও। তবে এই পরাজয়ে সব শেষ হয়ে যায়নি, এমনটাই মনে করছেন বাংলাদেশ দলের প্রানভোমরা হামজা চৌধুরী।

মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষ করে আজ ভোরে ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এই ম্যাচেই অভিষেক হওয়া শমিত সোমও ছিলেন একই ফ্লাইটে, তার গন্তব্য কানাডা।

শিলংয়ে গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে দেশের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি তারকা হামজার। মাঝে ভুটানের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে পেয়েছেন প্রথম গোল ও জয় (২-০)। তবে বাছাইপর্বের ম্যাচে এখনও জয় অধরা রয়ে গেছে।

ইংল্যান্ডের বিমানে চড়ার আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করেন হামজা। হতাশা থাকলেও দারুণ আগামীর বার্তা দিয়ে তিনি লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি। তবে দল হিসেবে ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি। আমাদের ইতিবাচক থাকতে হবে। কেননা, আমরা সবে শুরু করেছি।

ইনশাল্লাহ, আমাদের গন্তব্যে শীঘ্রই পৌঁছাব।’ ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি যোগ করেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমার হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। অক্টোবরে দেখা হবে।’

হামজার সঙ্গে একই ফ্লাইটে গেছেন শমিতও। সব ঠিকঠাক থাকলে দু’জনই ফিরবেন আগামী অক্টোবরে। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ৯ই অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। পরে ১৪ই অক্টোবর হংকংয়ের মাটিতে ফিরতি ম্যাচ খেলতে যাবে হাভিয়ের কাবরেরার ছেলেরা।

সিঙ্গাপুর ম্যাচে হারের পর বাছাই পর্ব উৎরানোর সমীকরণ কঠিন হয়ে গেছে বাংলাদেশ দলের জন্য। ‘সি’ গ্রুপের তালিকায় দু’টি করে ম্যাচে সমানসংখ্যক ৪ পয়েন্টে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং।

সমানসংখ্যক ম্যাচে একটি করে পয়েন্টে তৃতীয় ও চতুর্থ যথাক্রমে বাংলাদেশ ও ভারত। শেষ পর্যন্ত গ্রুপের শীর্ষ দলটিই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। অক্টোবরের ম্যাচ দুটি তাই বাংলাদেশ দলের জন্য যারপরনাই মহাগুরুত্বপূর্ণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026