সিলেটের বন্দরবাজার ‘পুলিশ ফাঁড়িতে নির্যাতনে’ নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামি সাবেক এসআই আকবর হোসেন জামিন পেয়েছেন। রোববার বিকালে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
এ নিয়ে হতাশ রায়হানের পরিবার। সিলেট মেট্রোপলিটন কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, হত্যা মামলার আসামি আকবরের জামিনের কাগজপত্র রোববার কারাগারে এসে পৌঁছে। এরপর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, আকবর আগে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। গত ফেব্রুয়ারি মাসে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর কার্যক্রম শুরু হলে ২৫ মার্চ আকবরকে এখানে আনা হয়।
এদিকে রায়হানের পরিবার আকবরের জামিন নিয়ে হতাশা ব্যক্ত করেছেন।
২০২০ সালের ১০ই অক্টোবর মধ্যরাতে নগরের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে ‘নির্যাতন’ করা হয়। পরদিন ১১ অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর বরখাস্ত হওয়া এসআই আকবর ভারতে পালিয়ে যাওয়ার সময় কানাইঘাটের ডনা সীমান্ত থেকে আটক হয়েছিলো।
Leave a Reply