ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে বড় হচ্ছিলেন মাহনূর চীমা। সেই স্বপ্ন বাস্তবও হয়ে গেছে। এই সাফল্য যাত্রায় কয়েকটি অ্যাকাডেমিক রেকর্ডও গড়েছেন ১৮ বর্ষী তরুণী।
পাকিস্তানি বংশদ্ভূদ ব্রিটিশ নাগরিক নিজের নামে করেছেন ৬টি বিশ্ব রেকর্ড। এরপরই পান অক্সফোর্ড থেকে ডাক।
তরুণ এই শিক্ষার্থী ২৪টি এ-লেভেল বিষয়ে সর্বোচ্চ ডিস্টিংশন (৮০ শতাংশের উপর) পেয়ে অ্যাকাডেমিক ইতিহাস সৃষ্টি করেছেন। নতুন করে ভেঙেছেন চারটি বিশ্ব রেকর্ড।
২০০৬ সালে পাকিস্তান থেকে ব্রিটিশ মুলুকে যান মাহনূর। তার বাবা-মা পাকিস্তানি। লাহোরের অধিবাসী ব্যারিস্টার উসমান চীমা ও তৈয়বা চীমার সিদ্ধান্তে ভর্তি হন লন্ডনের স্থানীয় স্কুলে। এরপর থেকেই তার সাফল্যযাত্রার শুরু। এখন সেটি অঙ্কুর থেকে মহীরূহে।
আগের জিসিএসই সাফল্যের সঙ্গে মিলিয়ে এখন মাহনূরের মোট ছয়টি বৈশ্বিক একাডেমিক রেকর্ড রয়েছে। যা মাধ্যমিক স্তরের কোনো শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ। তিনি মেডিসিন পড়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
এখন অক্সফোর্ডে মেডিসিন নিয়ে পড়বেন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজকে ফোনে মাহনূর বলেন, ‘অক্সফোর্ডের ডাক পাওয়া ছিল ‘শৈশবের স্বপ্ন পূরণ’। আমি ভীষণ আনন্দিত। অক্টোবরে অক্সফোর্ডে যোগ দেব এবং জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে ভীষণ উত্তেজিত। আমি সত্যিই কৃতজ্ঞ, বিশেষ করে আমার বাবা-মায়ের অন্তহীন ত্যাগের জন্য।’
জিসিএসই সাফল্যের পর মাহনূর স্ট্যানহোপ হাউসে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দেখা করেন। পাকিস্তানের গর্ব হিসেবে দুই প্রধানমন্ত্রী তাকে প্রশংসা করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি ম্যাকবুক উপহারও পান।
মাহনূরের সঙ্গীতেও ডিপ্লোমা (যা একটি স্নাতক ডিগ্রির সমমান) আছে। এলএএমডিএ থেকে অভিনয় ও পাবলিক স্পিকিংয়ে স্বর্ণপদক পেয়েছেন। তিনি মাত্র ১০ দিনে তার EPQ সম্পন্ন করে ১০০% নম্বর পেয়েছেন। বিশ্বের প্রাচীনতম উচ্চ আইকিউ সংস্থা মেনসারও সদস্য মাহনূর।
Leave a Reply