শীর্ষবিন্দু নিউজ: ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বুধবার বেলা ১০টা ২৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। আগামীকাল বৃহস্পতিবার সকাল আটটায় সুজাতা সিংয়ের ঢাকা ত্যাগের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই সুজাতা সিংয়ের প্রথম ঢাকা সফর। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলোচনা করবেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।নির্ধারিত সফরসূচি অনুযায়ী ভারতের পররাষ্ট্রসচিব আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণের বাসায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হবেন।
বিকাল চারটায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং পৌনে পাঁচটায় বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।এরপর সন্ধ্যা ছয়টায় রাজধানীর একটি হোটেলে কয়েকজন জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বের সঙ্গে মতবিনিময় করবেন সুজাতা সিং। সন্ধ্যা সাড়ে সাতটায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন তিনি।