লন্ডন থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন।
বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে আর লন্ডন সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তার ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বে। সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে।
বাংলাদেশ বিমানের্ একটি নিয়মিত ফ্লাইটে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে তারেক রহমান দেশে ফিরবেন। ১৭ বছর প্রবাসের নির্বাসিত জীবনের অবসান ঘটবে তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে।
এদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলটির আশা, ৫০ লাখের বেশি নেতাকর্মী জমায়েত হবে ঢাকায়। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এরই মধ্যে হজরত শাহজালাল বিমানবন্দরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তায় ব্যবস্থা। পাশাপাশি পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পরদিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এরপর আগামী শনিবারও দুটি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এ ছাড়া শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
উল্লেখ্য, ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাজ্যে আসেন তারেক রহমান। এরপর থেকে এখানেই অবস্থান করছিলেন। স্ত্রী ডা. জুবাইদা রহমান কয়েকবার গেলেও তারেক রহমান দেশে ফিরতে পারেননি।
Leave a Reply