আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘আল রাজি গ্রান্ড মসজিদ’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।
সৌদির রিয়াদের দৃষ্টিনন্দন একটি মসজিদ হলো আল রাজি গ্র্যান্ড মসজিদ। এটি শহরের গুরুত্বপূর্ণ ইসলামিক প্রতিষ্ঠান এবং রিয়াদের বৃহত্তম মসজিদ। মসজিদটি সৌদি আরবের অন্যতম স্থাপত্য বিস্ময় হিসেবেও বিবেচিত হয়।
প্রতিটি শহরের মাঝে কিছু স্থাপনা থাকে যা শুধু স্থাপত্য নয়, বরং আত্মার প্রশান্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকে। আল রাজি গ্র্যান্ড মসজিদ, রিয়াদের বুকে তেমনি এক দিবারাত্রি আলোকিত মিনার — যা ডাকে হৃদয়কে, শান্ত করে মনকে, এবং জাগিয়ে তোলে আত্মিক চেতনা।
আল রাজি গ্রান্ড মসজিদ
এই মসজিদ কেবল ইট, পাথর বা মার্বেলের নিপুণ সমাহার নয়। এটি এক আধ্যাত্মিক পরিভ্রমণের দরজা — যেখানে প্রতিটি আজান একেকটি সোপান, যা মুমিনের অন্তরকে জান্নাতের দিকে নিয়ে যায়।
এর বিশাল গম্বুজের নিচে দাঁড়িয়ে যখন আপনি নামাজে মাথা ঝুকান, তখন আপনি পৃথিবীর সমস্ত শব্দকে ভুলে যান। তখন শুধু থাকে আল্লাহর সান্নিধ্য, তাঁর প্রতি গভীর আত্মসমর্পণ। এখানে নামাজ শুধু আনুষ্ঠানিকতা নয় — এটি এক ধ্যান, এক কান্না, এক নিবেদন।
মসজিদের প্রতিটি করিডোর যেন তাওহিদের গল্প বলে, প্রতিটি মিনার যেন দুনিয়ার ওপর আখিরাতের ছায়া ফেলে।
মসজিদটি দেখে মুগ্ধ হন না এমন দর্শক খুঁজে পাওয়া ভার। এর নির্মাণশৈলীতে রয়েছে ইসলামি শিল্পকলা ও আধুনিক স্থাপত্যশৈলীর ছাপ। আল রাজি গ্র্যান্ড মসজিদের অত্যাধুনিক নকশা, ৩৭ মিটার উচ্চতার গম্বুজ আর বিস্তৃত প্রাঙ্গণ এর অন্যতম আকর্ষণ।
১৩ হাজার ২৬০ বর্গমিটার আয়তনের এই মসজিদের নামাজি ধারণক্ষমতা অন্তত ২০ হাজার ৫০০ জন। পুরুষদের হলের ধারণক্ষমতা ১৮ হাজার এবং নারীদের জন্য ২ হাজার ৫০০ জন ধারণক্ষমতার হল রয়েছে। মসজিদের দুইপাশে রয়েছে ৫৫ মিটার উঁচু মিনার, যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply