শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৩৩

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে দম্ভ গুঁড়িয়ে দিয়েছে ইরান

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে দম্ভ গুঁড়িয়ে দিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এখন আর একতরফা শক্তি প্রদর্শনের বিষয় নয়; এটি পরিণত হয়েছে প্রতিরোধের এক বিস্ফোরক বাস্তবতায়।

ইরানের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে দ্রুত দমন করার যে কৌশল নিয়েছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, বাস্তব পরিস্থিতিতে তা ক্রমেই ব্যর্থ হতে দেখা যাচ্ছে।

সামরিক, কৌশলগত এবং আঞ্চলিক জোটÑ সব ক্ষেত্রেই পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তেহরান দেখিয়ে দিচ্ছে, চাপের মুখে নত হওয়া নয়, প্রতিরোধই তাদের প্রধান শক্তি।

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমা শক্তির অজেয়তার ধারণাও প্রশ্নের মুখে পড়ছে।

পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতে ইরানের তোড়জোড় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হামলার মুখে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে

যাওয়ার উদ্যোগ নিচ্ছে ইরান। তেহরানের দাবি, বেসামরিক পারমাণবিক স্থাপনা, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিক হামলার ফলে চুক্তিতে থাকার যৌক্তিকতা হারিয়েছে।

ইরানের সংসদীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সামাজিকমাধ্যমে জানান, এনপিটিতে থাকা এখন আর দেশের স্বার্থে নয়।

সংসদ সদস্য মালেক শারিয়াতি এ বিষয়ে একটি জরুরি বিল উত্থাপনের কথাও জানিয়েছেন। প্রস্তাবিত বিলে এনপিটি ত্যাগের পাশাপাশি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সব বিধিনিষেধ বাতিলের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ও ব্রিকস দেশগুলোর সঙ্গে নতুন করে পারমাণবিক সহযোগিতা জোরদারের পরিকল্পনাও রয়েছে। তবে বিলটি কার্যকর করতে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ শিরোনামে ব্যাপক বিক্ষোভ হয়েছে। অভিবাসনবিরোধী নীতি ও ইরানে যুদ্ধের প্রতিবাদে এই আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে।

দেশটির ৫০টি অঙ্গরাজ্যে ৩ হাজার ২০০টিরও বেশি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক, ডালাস, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটনে সবচেয়ে বড় সমাবেশ দেখা যায়।

আয়োজকদের মতে, ছোট শহরগুলোতেও অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিক্ষোভে মিনেসোটার গভর্নর টিম ওয়ালৎস, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং অভিনেতা রবার্ট ডি নিরো বক্তব্য দেন।

ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে হামলা চালিয়েছে। এতে দেশটির শতাধিক শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। লেবানন থেকে রকেট এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিকভাবে বড় ধরনের প্রাণহানির খবর না পাওয়া গেলেও হাইফা উপকূলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম কারখানা, বাহরাইনের অ্যালুমিনিয়াম প্ল্যান্ট এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা হামলার শিকার হয়েছে।

ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলায় একজন আহত হয়েছেন। সৌদি আরব তাদের আকাশসীমায় একাধিক ড্রোন প্রতিহত করার দাবি করেছে।

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএ), এয়ারওয়ারস এবং সেন্টার ফর সিভিলিয়ানস ইন কনফ্লিক্টের যৌথ প্রতিবেদনে ইরানে বেসামরিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৪৩ জন বেসামরিক নিহত হয়েছেন, যার মধ্যে ২১৭ জন শিশু। এই সংখ্যা যাচাইকৃত সর্বনিম্ন হিসাবÑ প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, লক্ষ্য নির্ধারণে ভুল, পর্যাপ্ত সতর্কবার্তার অভাব, ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র ব্যবহার এবং বেসামরিক অবকাঠামোয় হামলার কারণে এসব ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময়ের মধ্যে ৬০টি হাসপাতাল, ৪৪টি স্কুল এবং ১২৯টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

যুদ্ধের প্রভাব মোকাবিলায় মিশর সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য নতুন নির্দেশনা দিয়েছে। দেশটির সব দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাত ৯টার মধ্যে বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি রাস্তার আলো ও বিজ্ঞাপন আলোকসজ্জা সীমিত করা হয়েছে।

তেহরানের ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পাসজুড়ে ধ্বংসস্তূপের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একই সঙ্গে একটি আবাসিক এলাকায় হামলায় অন্তত ৯ জন আহত এবং ২০টির বেশি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলায় তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল মানার টিভির আলী শোয়াইব এবং আল মায়াদিনের ফাতিমা ফাতুনি রয়েছেন।

ইসরায়েল দাবি করেছে, আলী শোয়াইব হিজবুল্লাহর গোয়েন্দা ইউনিটের সদস্য ছিলেন এবং তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

ইরান যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও জাহাজ থেকে টোল আদায়ের দাবি তুলেছে। বিশ্বে জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

বিশ্লেষকদের মতে, প্রতিটি ট্যাংকার থেকে বড় অঙ্কের ফি আদায় করতে পারলে ইরানের মাসিক আয় শত শত কোটি ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক আইনে এই দাবি বৈধ নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুদ্ধ শুরুর এক মাস পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও মেরিন মোতায়েন করেছে। ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজও দায়িত্ব এলাকায় পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন সীমিত স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যেখানে বিশেষ বাহিনী ব্যবহারের সম্ভাবনা রয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নতুন করে ইসরায়েলে হামলার দাবি করেছে এবং সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ সরাসরি যুদ্ধে জড়ালে তারা পূর্ণমাত্রায় অংশ নেবে।

লেবানন ও ইরাকে হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে প্রায় ৫ হাজার ৭০০ জনে পৌঁছেছে। ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন প্রায় ২৬ হাজার ৫০০ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত স্বাস্থ্যকেন্দ্র।

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুশিয়ারি দিয়েছেন, মার্কিন সেনারা স্থলভাগে এলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে সৌদি আরব, তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইসলামাবাদে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত দ্রুত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026