সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতাকে অম্লান রাখতে সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। সন্ত্রাস, দুর্নীতি ও দরিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে স্বাধীনতা ও বিজয়ে সুফল অর্জন সম্ভব। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যুব সমাজকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে লামাবাজার ইয়ূথ কালচারাল ফোরাম (ওয়াই.সি.এফ) আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক গ্রন্থ এসো বিজয়ের পথে এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
ফোরামের উপদেষ্টা প্রকৌশলী রুমান আহমদ সাপু’র সভাপতিত্বে ও বিজুলী সিংহা’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী, কাউন্সিলর এস.এম আফজাদ হোসেন, কাউন্সিলর মোঃ রাজিক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কে.এইচ বিপ্লব। এর আগে ফ্যাশন শো, কমেডি শো এবং পরে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেয়র আরিফ আরো বলেন, সিলেটকে আধ্যাত্মিক, ধর্মীয় সম্প্রীতি ও মডেল নগরী গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, বাংলাদেশ অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিলেটে অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের গর্বের। এই গর্বকে আমাদের ধরে রাখতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, সিলেট নগরীর বাসিন্দা ও যুব সমাজকে ক্লিন সিলেট, সেইভ সিলেট শ্লোগানকে বুকে ধারণ করে এই নগরীকে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। যুব সমাজ এক যোগে কাজ করলে সমৃদ্ধ নগরী গড়ে তোলা সম্ভব। তিনি সিলেটের কালচারাল প্রোগ্রামকে আরো বিস্তৃতির জন্য একটি আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞপ্তি