মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৭

কাদের মোল্লার রায় পুর্নবিবেচনার জন্য বৃহস্পতিবার ফের শুনানি

কাদের মোল্লার রায় পুর্নবিবেচনার জন্য বৃহস্পতিবার ফের শুনানি

শীর্ষবিন্দু নিউজ: মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে ফের শুনানি হবে বৃহস্পতিবার। আদৌ এ বিষয়ে আবেদন করার সুযোগ আছে কি-না, সে বিষয়ে ‍আদালত কাদের মোল্লার শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকছে বলেও সপ্রিম কোর্টের আপিল বিভাগ জানিয়েছে।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে বুধবার সকাল ১০টায় ফাঁসির কার্যক্রম স্থগিত করার বিষয়ে শুনানি শুরু হয়। এরপর বেলা সাড়ে ১১টায় দুই পক্ষের উপস্থিতিতে শুরু হয় রায় পুনর্বিবেচনার আবেদনের গ্রহণযোগ্যতা প্রশ্নে শুনানি। প্রধান বিচারপতির যে নেতৃত্বে যে বেঞ্চ ফাঁসির রায় দিয়েছিল, তার সব সদস্যই এতে অংশ নেন। এদিকে শীতকালীন অবকাশের আগে বৃহস্পতিবারই আপিল বিভাগের শেষ কার্যদিবস। এর মধ্যেই বিষয়টি নিস্পত্তি না হলে রায় কার্যকরের বিষয়টি আগামী বছর পর্যন্ত ঝুলে যেতে পারে বলে আদালতের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সকালে শুনানির প্রথম অংশেই কাদের মোল্লার আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন জানান, তারা আগের রাতে চেম্বার বিচারপতির কাছে একটি ‘রিভিউ’ আবেদন জমা দিয়েছেন।  রায় বাস্তবায়নের ওপর স্থগিতাদেশ বাড়ানোরও আবেদন করেন আসামির আইনজীবীরা। এরপর বেঞ্চ সাড়ে ১১টায় আবারো শুনানির সময় রেখে জানায়, চেম্বার বিচারপতি বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত  স্থগিতাদেশ দিলেও আদালত পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে। আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার রাতে এক আকস্মিক আদেশে এই জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করে দেন।

এখানে উল্লেখ্য যে, মঙ্গলবার রাতে রায় স্থগিতের ঘণ্টা তিনেক আগে  স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সম্মেলন করে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেন। সে অনুযায়ী সব প্রস্তুতি শেষ করে কারা কর্তৃপক্ষ। জানানো হয়, বুধবার প্রথম প্রহরেই (রাত ১২টা ১ মিনিট)মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরিবারের সদস্যরাও ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে কাদের মোল্লার সঙ্গে দেখা করে যায়।

কারাগারে চূড়ান্ত প্রস্তুতির মধ্যেই রাত সাড়ে ১০টার দিকে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার রাজ্জাক চেম্বার বিচারপতির বাড়ি থেকে বেরিয়ে বলেন, মৃত্যুদণ্ড কার্যকর বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত রাখার আদেশ পেয়েছেন তারা। রাত পৌনে ১১টার দিকে কাদের মোল্লার আইনজীবী ফরিদ উদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে পৌঁছে সাংবাদিকদের কাছে যখন স্থগিতাদেশের খবর পৌঁছান, তখন সিভিল সার্জনকে ঢুকতে দেখা যায় কারাগারে।

এর কিছুক্ষণের মধ্যে কাদের মোল্লার প্রধান আইনজীবী আব্দুর রাজ্জাককে দেখা যায় কারাফটকে। তিনি কারা কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ফিরে সাংবাদিকদের বলেন, মৃত্যুদণ্ড কার্যকর সকাল ১০টা পর্যন্ত স্থগিত রাখতে চেম্বার বিচারপতির আদেশ কারা কর্মকর্তাদের জানিয়ে এসেছেন তারা। এরপরই ফাঁসি কার্যকরের বিষয়টি ঝুলে যায়। ঘোষিত সময় ১২টা ১ মিনিট পেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর বেরিয়ে এসে জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী সাংবাদিকদের বলেন, আদালতের আদেশে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখা হয়েছে।

এদিকে জামায়াত নেতার মৃত্যুদণ্ড ঝুলে যাওয়ায় ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চ আবার শাহবাগে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছে, যাদের অভূতপূর্ব আন্দোলনে যুদ্ধাপরাধের মামলায় আপিলের সুযোগ তৈরি হওয়ায় চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ আসে। অন্যদিকে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের খবরেই কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা চালায় জামায়াতকর্মীরা। বুধবার হরতাল ডাকার পাশাপাশি দলটি হুমকি দিয়েছে, তাদের নেতার ফাঁসি হলে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026