সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১১

যেভাবে গ্রেফতার করা হলো এরশাদকে

যেভাবে গ্রেফতার করা হলো এরশাদকে

শীর্ষবিন্দু নিউজ: ঘড়ির কাঁটা যখন রাত ১১টা ২০ মিনিটে ঠেকেছে, তখনই গোয়েন্দা বাহিনীর কয়েকজন কর্মকর্তা প্রবেশ করেন রাজধানীর বারিধারার হুসেইন মুহম্মদ এরশাদের ‘প্রেসিডেন্ট পার্ক’(বাসভবন)-এ।  সাত সদস্যের টিমের মধ্যে ছয় জন বাসার নিচে অবস্থান নেন। আর উপরে উঠে যান তাদের টিম লিডার।

খবর রটে যায়, এরশাদকে নিয়ে যাওয়া হবে। সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট পার্কের দুটি (সামনে এবং পেছনে) গেটেই তালা লাগিয়ে দেয় নেতাকর্মীরা। কয়েক মিনিট পরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল হাজির হন। বাসার নিরাপত্তা প্রহরীকে পেছনের গেট খুলতে বাধ্য করেন। সেদিক দিয়েই প্রবেশ করেন পুলিশ সদস্যরা। বাসায় ঢুকেই গাড়ি পার্কিংয়ের স্থানে অবস্থানকারী নেতাকর্মীদের একদিকে সরিয়ে দেয় পুলিশ। সঙ্গে সঙ্গেই পুলিশ সদস্যরা গায়ে গা ঘেঁষে কর্ডন তৈরি করেন লিফট থেকে পেছনের গেট পর্যন্ত।

বাসার ভেতরে থাকা দুটি টিভি চ্যানেলের ক্যামেরা বের করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে নিভে দেওয়া হয় পার্কিংয়ের লাইটগুলো। রাত ১১টা ৩৫ মিনিটে একটি কালো রঙয়ের পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো ঘ ২১-৮৬৯১) এসে থামে এরশাদের বাসভবনের পেছনের গেটের সামনে। তিন মিনিট পরে ওপর থেকে নামিয়ে আনা হয় হুসেইন মুহম্মদ এরশাদকে। সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

লিফট থেকে এরশাদকে বের করে আনার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ স্লোগান দিয়ে পথ আগলে দাঁড়ান। মিনিটখানেক ধাক্কাধাক্কি হয় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদকে বিমর্ষ দেখাচ্ছিল। কী যেন বলতে গিয়েও পারলেন না হইচইয়ের কারণে। এক পর্যায়ে নেতাকর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে পেছনের গেটের সামনে আনা হয় এরশাদকে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে থাকা জিপটিতে তোলা হয় এরশাদকে। নেতাকর্মীরা এবার গাড়ি ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। শতাধিক নেতাকর্মী গাড়িটির পথরোধ করে বিক্ষোভ করেন।

আর ঠিক তখন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার দ্রুত এগিয়ে যান চীনা দূতাবাসের গেটের সামনে দাঁড় করানো তার নিজের গাড়ির দিকে। এরশাদকে বহনকারী গাড়িটি মূল রাস্তায় ওঠার আগেই মহাসচিবের গাড়িটি মূল রাস্তার উদ্দেশে বেরিয়ে যায়।

এদিকে, এরশাদকে বহনকারী গাড়িটি ঘিরে মিনিট দুয়েক ধরে চলে টানা-হেঁচড়া। এরপর চীনা দূতাবাসের সামনে আগে থেকেই অবস্থান নেওয়া র‌্যাব ও পুলিশ সদস্যরা এগিয়ে এসে নেতকর্মীদের কিল-ঘুষি মেরে সরিয়ে দেন। এসময় জাতীয় ছাত্র সমাজের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল দিদার দিপু, ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাজাদা ইমরানসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

পুলিশের ধাক্কায় নেতাকর্মীরা সরে গেলে পথ চলতে শুরু করে এরশাদকে বহনকারী গাড়িটি। দূতাবাস রোড ধরে কানাডিয়ান দূতাবাসের কোল ঘেঁষে সোজা গুলশান দুই নম্বরের দিকে চলে যায় গাড়িটি। আগে-পিছে পুলিশ ও র‌্যাবের বেশ কয়েকটি গাড়িও এগিয়ে চলে সমান গতিতে। গুলশান থেকে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে বিমানবন্দর রোডে গিয়ে ওঠে। এরপর ডানে বাঁক নিয়ে বিমানবন্দরের দিকে এগুতে থাকে। তখন ধারণা করা হচ্ছিল, বিদেশ পাঠানো হচ্ছে এরশাদকে। বাসা থেকে নেওয়ার আগেও নাকি এমনটি বলা হয়েছিল এরশাদকে।

কিন্তু না। বিমানবন্দরের দিকে এগিয়ে চলা এরশাদের গাড়িটি বনানী ফ্লাইওভারে না উঠে নিচ দিয়ে খানিকটা এগিয়ে স্টাফ রোড দিয়ে ঢুকে পড়ে ঢাকা সেনানিবাসে। এরশাদের গাড়িটিকে অনুসরণ করা মিডিয়ার গাড়িগুলোকে সেনানিবাসের গেটে আটকে দেওয়া হয়। নিমিষেই দৃষ্টিসীমার বাইরে চলে যায় সাবেক রাষ্ট্রপতিকে বহনকারী গাড়িটি।

এরশাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হুসেইন মুহম্মদ এরশাদ দুপুরেই আঁচ করেছিলেন তাকে আটক অথবা জোর করে দেশের বাইরে পাঠানো হতে পারে। সে কারণে অন্যদিনের চেয়ে একটু বেশকিছু সংখ্যক নেতাকর্মীকে বাসায় অবস্থান করতে বলেছিলেন তিনি। এরশাদকে আটক করার ৪০ মিনিট আগে প্রেসিডেন্ট পার্কে স্ত্রী রতনা আমিন হাওলাদার, এমপিকে নিয়ে হাজির হন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। আর আগে থেকেই অবস্থান করছিলেন এরশাদের একান্ত সহকারী জাতীয় পার্টির কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ আক্তার। এত রাতে কোনো দিনই এই তিন নেতাকে প্রেসিডেন্ট পার্কে অবস্থান করতে দেখা যায়নি। অন্যদিকে, মহাসচিবের ভূমিকা নিয়েও রয়েছে নেতাকর্মীদের বিস্তর ক্ষোভ। নেতাকর্মীরা যখন এরশাদকে আটকানোর চেষ্টা করছিলেন, তখন রুহুল আমিন হাওলাদার দ্রুত গিয়ে নিজের গাড়িতে গিয়ে ওঠেন।

প্রথম দিকে নেতাকর্মীরা অন্ধকারের মধ্যে থাকলেও রাত দেড়টার দিকে বাসায় ফোন দিয়ে জানানো হয়, তাকে সিএমএইচয়ে ভর্তি করা হয়েছে। পরে রাত ৩টার দিকে মহাসচিবও ব্রিফিং করে জানান, একই কথা। তবে এরশাদকে গ্রেফতার করা হয়েছে নাকি বিদেশে পাঠানো হবে কোনোটাই খোলাসা করা হচ্ছে না কোনো পক্ষ থেকেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026