শীর্ষবিন্দু নিউজ: বর্তমান পরিস্থিতিতে নিজেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের মুখপাত্র দাবি করে বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ শনিবার সংবাদ সম্মেলন ডেকে বলেছেন, নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন এরশাদ। জাতীয় পার্টি রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি উইংয়ের প্রধান ববির গুলশানের বাড়িতে এই সংবাদ সম্মেলনে দলের কোনো নেতা উপস্থিত ছিলেন না; যদিও দলের জ্যেষ্ঠ নেতারা থাকবেন বলে সংবাদ সম্মেলন আহ্বানের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।
এরশাদের কাছ থেকে নির্দেশ পেয়ে মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন বলে ববির দাবি। তিনি আরো বলেন, এখন থেকে তিনি জাতীয় পার্টির হয়ে কথা বলবেন। তবে সিএমএইচে থাকা জাপা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের মাধ্যম সম্পর্কে কিছু বলেননি তিনি।
ববি বলেন, উনি (এরশাদ) ইলেকশন করবেন না। উনাকে জোর করে এমপি বানিয়ে দেয়া হচ্ছে। এরশাদের সঙ্গে সরকারের কেউ কেউ হাসপাতালে আলোচনা করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রে যে খবর বেরিয়েছে, তা সত্য নয় বলে দাবি করেন তিনি। নাটকীয় এক ঘোষণায় দশম সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেও এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নির্বাচন কমিশন গ্রহণ না করায় প্রার্থীর তালিকায় তার নাম থাকছে।
ববি বলেন, চেয়ারম্যান চান গণতন্ত্র। ৫ জানুয়ারির নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসবে না। তাই তিনি এই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরপরও পার্টির চেয়ারম্যান, জিএম কাদেরসহ অনেকেরই মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি। উনি এই নির্বাচনে নেই। যেহেতু উনি নেই, পার্টির প্রেসিডিয়াম সদস্যরা নেই, তাই জাপাও নেই।
উনি আমাকে তার মুখপাত্র হিসাবে মনোনীত করেছেন। পার্টির অন্য অনেকেই অনেক কথা বলবেন। কিন্তু সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। আমার মাধ্যমে চেয়ারম্যান যা বলবেন, তাই পার্টির স্টেটমেন্ট হিসাবে গ্রহণ করতে (গণমাধ্যমকে) অনুরোধ জানাচ্ছি।
এর মধ্যে শুক্রবার রওশন এরশাদের সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদকে। রওশনকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে বলে যে খবর এসেছে, তা নাকচ করেছেন ববি।